২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রায়াত্ত সব ব্যাংকই ধারে চলছে: বিএনপি

হলমার্কের অর্থ কেলেঙ্কারির পর কেবল সোনালী ব্যাংকই নয়, রাষ্ট্রায়াত্ত অন্যান্য ব্যাংকও ধার-দেনা করে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্কের অর্থ কেলেঙ্কারির পর কেবল সোনালী ব্যাংকই নয়, রাষ্ট্রায়াত্ত অন্যান্য ব্যাংকও ধার-দেনা করে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর এই পরিস্থিতির জন্য অর্থমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেছেন তিনি। বুধবার এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ বলেন, “আমরা খবর পেয়েছি, গত ১ অগাস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ২৩ কার্যদিবসে সোনালী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রতিদিন গড়ে ১ হাজার ৫শ কোটি টাকার ধার নিয়ে চলেছে। “এ রকম অবস্থা কেবল সোনালী ব্যাংকেরই নয়, অন্যান্য রাষ্ট্রায়াত্ত ব্যাংকেও এভাবে রক্তক্ষরণ হচ্ছে। কেন এই অবস্থার সৃষ্টি হয়েছে অর্থমন্ত্রী জবাব দিন।” জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে খালেদা জিয়ার ‘চতুর্থ কারামুক্তি দিবস’ উপলক্ষে এ আলোচনা সভা হয়। দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ‘চরম অব্যবস্থাপনা’ চলছে অভিযোগ করে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, সোনালী ব্যাংকের একটি শাখা থেকে হলমার্ক দুই হাজার ৬০০ কোটির বেশি টাকা লোপাট করেছে। আর এই কেলেঙ্কারির ঘটনা প্রকাশের পর অর্থমন্ত্রী বললেন, এটি তেমন কোনো টাকা নয়। “আমরা অর্থমন্ত্রীর কাছে জানতে চাই- ওই টাকা কিছু না হলে কেন সোনালী ব্যাংক এখন ঋণ কিংবা ধার করে চলছে”, প্রশ্ন করেন মোশাররফ। পুঁজিবাজার, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট থেকেও ক্ষমতাসীনরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন মোশাররফ। তিনি বলেন, “শেয়ার বাজারের ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকার লুণ্ঠনের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত প্রতিবেদনেই আছে। অর্থমন্ত্রী বলেছিলেন, তারা এতো ক্ষমতাবান, নাম বলা যাবে না। আমরা দাবি করছি- শেয়ারবাজার ও হলমার্কসহ সব অর্থ কেলেঙ্কারির ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, তা প্রকাশ করতে হবে।” বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য চিকিৎসক সমাজকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ। সংগঠনের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খলিলুর রহমান, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, ড্যাব মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ডা. লতিফ মাসুম, ডা. মিজানুর রহমান, ডা. গাজী আবদুল হক বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৬৪৫ ঘ.