ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রেক্ষাপটে প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, ক্ষমতাসীন দল ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ পথ বেছে নিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
তিনি বলেন, “ঢাকার পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ হামলা চালিয়েছে। লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে হামলা হয়েছে। আওয়ামী লীগ চতুর্দিকে সন্ত্রাস শুরু করে দিয়েছে। আমরা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা পরিবর্তনে শান্তিপূর্ণ আন্দোলন করছি।”
মঙ্গলবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ১০ ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে কুপিয়ে জখম করা হয়।
আহতদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য রবিন আহমেদ ও পাপনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষ্যে সকাল ১১টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে মিছিলের প্রস্তুতি নিতে শুরু করেন। এ সময় ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালায়।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ৪র্থ কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া বিশেষ কারাগার থেকে মুক্তি পান। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বলেন, গতকাল (সোমবার) ছাত্রদলের নতুন নির্বাচিত কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাওয়ার আগেই সাধারণ ছাত্রদের ওপর ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে। আজ (মঙ্গলবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা একই ঘটনা ঘটিয়েছে। সেখানে ছাত্রদের চুরিকাঘাত করা হয়েছে।
এ অবস্থা থেকে উত্তরণে সরকার ‘হটাতে’ জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান ভারপ্রাপ্ত মহাসচিব।
“সব বিভেদ ভুলে যেতে হবে। দুর্বার আন্দোলন গড়ে তুলে এই সরকারকে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনে বাধ্য করতে হবে। তাই দেশনেত্রীর ৪র্থ কারামুক্তি দিবসে আমাদের শপথ হউক- আর বিভেদ নয়, ঐক্য দুর্বার আন্দোলনের।”
প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, জিয়া হত্যার মাধ্যমে বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, তা আজো চলছে। খালেদা জিয়াকে মাইনাস করতেই ১/১১ এর সৃষ্টি করা হয়েছিলো।
“কিন্তু খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব ও দেশপ্রেমের কারণে তাদের সেই ষড়যন্ত্র সেদিন সফল হয়নি।’’
মির্জা ফখরুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহ-সভাপতি সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সহ-সভাপতি রাবেয়া সিরাজ, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক ও বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৩৯ ঘ.
bdnews24