২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণসংযোগে হামলার অভিযোগ আফছারের

গাজীপুর উপনির্বাচনের প্রার্থী আফসার উদ্দিন আহমেদ খান সোমবার গণসংযোগের সময় তার কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর উপনির্বাচনের প্রার্থী আফসার উদ্দিন আহমেদ খান সোমবার গণসংযোগের সময় তার কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন। ওই রাতেই এই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশন ও থানায় অভিযোগ দেন। অভিযোগে হামলাকারীদের নাম দিলেও তাদের কোন দলীয় পরিচয় উল্লেখ করেননি। তবে তারা একটি খুনের মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। উপনির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজামান বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে কাপাসিয়া বাজার এলাকায় গণসংযোগের সময় সন্ত্রাসীরা আফসারের অনুসারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। “বিষয়টি জরুরিভিত্তিতে তদন্ত করার জন্য সোমবার রাতেই গাজীপুরের পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে,” যোগ করেন হাসানুজ্জামান। কাপসিয়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, হামলাকারীরা স্থানীয় যুবদল নেতা মো. সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি। তাদের মধ্যে অধিকাংশই জামিনে রয়েছেন। তবে পুলিশ সুপার আবদুল বাতেন মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযোগ পাননি বলে জানান। অভিযোগে বলা হয়েছে, গণসংযোগের সময় সন্ত্রাসী ও খুনের মামলার আসামি স্থানীয় কান্দানিয়া গ্রামের আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, নাজমুল হাসান দর্জি ও আব্দুর রউফ্, বড়পুষিয়া গ্রামের মো. জামান, রাউতকোনা গ্রামের পারভেজ মিয়ার নেতৃত্বে হামলা হয়। এ সময় কর্মী-সমর্থক হাদিউল ইসলাম সানজীব ও সাইফুল ইসলাম কাজীকে ওই সন্ত্রাসীরা কিল, ঘুষি, লাথি মারতে থাকে এবং তাদের তুলে নেওয়ার চেষ্টা করে। বাজারের পুরাতন ফেরিঘাট মোড়ে নাজমা লাইব্রেরির পাশে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরকে ছেড়ে দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। নির্বাচনী প্রচারণা বন্ধ করে চলে না গেলে সমর্থকদের হত্যার হত্যার হুমকি দেয়া হয় বলেও অভিযোগে উল্লেখ কেেরন আফসার। আগামী ৩০ সেপ্টেম্বর গাজীপুর-৪ আসনের উপনির্বাচন হবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনের ২১ দিন আগে থেকে প্রার্থীরা গণসংযোগ চালাতে পারবেন। তবে আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন ১৪ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের পর। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে আওয়ামী লীগ নেতা তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সোহেল তাজের বড় বোন সিমিন হোসেন রিমি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রিমির চাচা অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ খান। কমিউনিস্ট পার্টির প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৫ ঘ.