২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদাকে হত্যার ষড়যন্ত্র চলছে’

আগামী নির্বাচনে যাতে বিএনপি সরকার গঠন করতে না পারে সেজন্য খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 09:42 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনে যাতে বিএনপি সরকার গঠন করতে না পারে সেজন্য খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “কানাডার একটি অনলাইন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, দেশনেত্রী খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে। “এই খবর বেরুনোর পরপরই টাইমস অব ইন্ডিয়ায় প্রতিবেদন প্রকাশ হয়েছে। তাতে বলা হয়েছে- আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারে। তা ঠেকানোর জন্য বিভিন্ন খবর আসছে।” “আমরা উদ্বেগের সঙ্গে বলছি, খালেদা জিয়ার জীবন বিপন্ন। ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে,” যোগ করেন তিনি। সরকারের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ষড়যন্ত্র রুখতে হলে সবাইকে সারাদেশে ছড়িয়ে পড়তে হবে। সরকারের ব্যর্থতা ও অপকর্ম জনগণের কাছে তুলে ধরতে হবে। দুর্বার আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ আনেন ফখরুল। তিনি বলেন, নিউইয়র্ক টাইমসে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ও গুপ্ত হত্যা নিয়ে খবর প্রকাশ হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও উদ্বেগ প্রকাশ করছে। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে খালেদা জিয়া ও তারেক রহমানের চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংক থেকে টাকা লুট শুধু সোনালী ব্যাংক থেকেই নয়, অন্যান্য বাংক থেকেও টাকা লুট হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, “দুুর্নীতির চাপে বাংলাদেশ এখন নিমজ্জিত। এর নেতৃত্ব দিচ্ছে সরকার। পুঁজিবাজার ধ্বংস করেছে তারা। কেবল সোনালী ব্যাংক থেকে নয়, অন্য ব্যাংক থেকেও ১০ হাজার কোটি টাকা লুট হয়ে গেছে।” “এসব দুর্নীতি ও ব্যর্থতার দায় অর্থমন্ত্রীর। লজ্জা ও শরম থাকলে তিনি নিজেই নৈতিক কারণে পদত্যাগ করতেন। আমরা আবারো তার পদত্যাগ দাবি করছি,” যোগ করেন ফখরুল। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, “তিনি এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তার ছোট ভাই আমার বন্ধু ছিলেন। অর্থমন্ত্রী বলেছেন, আমি নাকি অসত্য কথা সুন্দরভাবে বলি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলব, দয়া করে বলবেন কি- কোন কথাটি আমি অসত্য বলেছি?” হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় বিএনপি অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করায় গত রোববার ফখরুলের কঠোর সমালোচনা করেন মুহিত। অর্থমন্ত্রীর উদ্দেশ্যে ফখরুল বলেন, “আপনার কারণে পুঁজিবাজার ধ্বংস হয়ে গেছে। পদ্মাসেতু প্রকল্পের দুর্নীতির প্রশ্ন ওঠার পর আপনি এমনভাবে কথা বলছেন যে, দোষ বিশ্বব্যাংকের। এখন বাতিল করা ঋণ চুক্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীকে দূত হিসেবে বিশ্বব্যাংকের কাছে পাঠাচ্ছেন। “আপনিই গ্রামীণ ব্যাংক ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পেছনে লেগেছেন। এসব কি অসত্য বলেছি?” ঢাবি ভিসির পদত্যাগ দাবি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ছাত্রদলের নতুন কমিটির নেতারা গতকাল ভিসির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা ‘বর্বরোচিত ও নির্মমভাবে’ নেতা-কর্মীদের ওপর আক্রমণ করেছে। “বর্তমান ভিসি এখন পর্যন্ত ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করতে পারেননি। দিতে পারেননি ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা। এই ব্যর্থতার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করছি।” ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির নেতারা সোমবার উপাচার্যের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে ছাত্রলীগের হামলায় আহত হন তিন কর্মী। জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, গৌতম চক্রবর্তী, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, কৃষক দলের সহসভাপতি আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক তকদীর হোসেন জসিম বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৬৩৫ ঘ.