ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট’ অভিযোগ পেলেই ‘ব্যবস্থা’ নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
মঙ্গলবার সচিবালয়ে “এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। অভিযোগ আসলেই ব্যবস্থা নেয়া হবে।”
বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষা প্রতিবেদনে সম্প্রতি বলা হয়, কতিপয় কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ছয়টি প্রতিষ্ঠান তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলেছে, যার মধ্যে হলমার্ক গ্রুপ একাই তুলে নিয়েছে দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি।
ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের অন্তত ২০ জন কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওএসডি করা হয়েছে দুই উপ ব্যবস্থাপনা পরিচালককে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। হলমার্কের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মহা ব্যবস্থাপককে (জিএম) জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
অর্থ কেলেঙ্কারিতে জড়িতদের ওপর নজরদারি হচ্ছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “দেশের জন্য ক্ষতিকর কোনো ব্যক্তির তথ্য যদি আইন-শৃঙ্খলা বাহিনীর বিবেচনায় আসে তাহলে অতিরিক্ত ব্যবস্থা নিতেই হয়।”
যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের দেশত্যাগ ঠেকাতে কোনো নির্দেশনা দেয়া হয়েছে কিনা- জানতে চাইলে টুকু মন্ত্রী বলেন “এটি একটি চলমান প্রক্রিয়া, এখনো এ বিষয়ে বলবার সুযোগ আসেনি।”
হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করতে সোমবার সোনালী ব্যাংককে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একইসঙ্গে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবিরসহ সন্দেহভাজনদের ক্ষেত্রে সতর্ক থাকারও নির্দেশ দেয়া হয়।
মন্ত্রণালয়ের পাঠছানো চিঠিতে বলা হয়, হলমার্কের সা¤প্রতিক ঘটনায় যে সব ক্ষেত্রে বিভাগীয় (প্রযোজ্য) ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা যায়- সে সব ক্ষেত্রে তা গ্রহণ করতে নির্দেশ দেয়া হলো।
চিঠির শেষে বলা হয়, সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবিরসহ যাদের এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে সন্দেহ রয়েছে, তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেও নির্দেশ দেয়া হলো।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সাংবাদিকদের বলেন, হলমার্কের অর্থ কেলেঙ্কারি সঙ্গে আরো ‘অনেকে’ জড়িত। তাদের বিরুদ্ধে শিগগিরই মামলা করা হবে।
একইসঙ্গে টাকা উদ্ধারের ‘বিভিন্নমুখী’ উদ্যোগ নেয়া হবে বলেও মন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৭১৫ ঘ.
bdnews24