২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণসংযোগের প্রথম দিনেই সরগরম কাপাসিয়া

উপনির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক গণসংযোগের প্রথম দিনেই সরগরম হয়ে উঠেছে গাজীপুরের কাপাসিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপনির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক গণসংযোগের প্রথম দিনেই সরগরম হয়ে উঠেছে গাজীপুরের কাপাসিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রার্থীরা নির্বাচন কমিশন থেকে এখনো প্রতীক বরাদ্দ না পেলেও সোমবার তিন প্রার্থীই সমর্থকদের নিয়ে গণসংযোগ শুরু করেছেন। এতে সরগরম হয়ে ওঠেছে কাপাসিয়ার বিভিন্ন এলাকা। আগামী ৩০ সেপ্টেম্বর গাজীপুর-৪ আসনের উপনির্বাচন হবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনের ২১ দিন আগ থেকে প্রার্থীরা গণসংযোগ চালাতে পারবেন। তবে আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন ১৪ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের পর। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে আওয়ামী লীগ নেতা তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সোহেল তাজের বড় বোন সিমিন হোসেন রিমি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রিমির চাচা অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ খান। কমিউনিস্ট পার্টির প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল। এলাকাবাসী ও দলের লোকজন জানান, সিমিন হোসেন রিমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকায় গণসংযোগ করেন। তিনি কাপাসিয়া সদর, নলগাঁও বাজার, পাবুর বলখেলা বাজার, তিলসুনিয়া, ভাকুয়াদী, চাঁদপুর, মাসক, ফুলবাড়িয়া, তারাগঞ্জ, নাসেরা, রানীগঞ্জ, রাউনাট এলাকার হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ করেন। এ সময় রিমির সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মমতাজ উদ্দিন মেহেদী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজগর রশিদ খান, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ, ফজলুর রহমান মোল্লাহ, হাবিবুর রহমান আকন্দসহ দলীয় নেতাকর্মীরা। এদিন তিনি সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মীসভায়ও যোগ দেন। আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন খান আল-আমিনের সভাপতিত্বে এ কর্মীসভায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, মো. শহীদুল্লাহ, আমানত হোসেন খান, ইকবাল হোসেন সবুজ সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিকালে রিমি টোক ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় যোগ দেন। এদিকে স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমেদ খান সকালে কাপাসিয়া উপজেলা সদরে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন। অপর প্রার্থী সিপিবি’র আসাদুল্লাহ বাদলও কাপাসিয়ার বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগ করেন। গাজীপুর উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রার্থীরা সোমাবার থেকেই আনুষ্ঠানিক গণসংযোগে নেমেছেন। ১৪ সেপ্টেম্বর তাদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে। এদিন থেকেই তারা প্রতীকসহ প্রচারণায় নামতে পারবেন। এ উপনির্বাচনে অংশ নেয়ার জন্য আট প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে। পাঁচজনের মনোনয়ন পত্র বাতিল করে নির্বাচন কমিশন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা ও অ্যাডভোকেট বজলুল হক নির্বাচন কমিশনে আপিল করেন। সোমবার শুনানি শেষে কমিশন তাদের আপিল খারিজ করে দিয়েছেন। তবে তারা ইচ্ছ করলে উচ্চ আদালতেও যেতে পারবেন বলে জানান হাসানুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩০ ঘ.