ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন জেলায় বিরোধী দলের সমাবেশ-মিছিলে হামলার নিন্দা জানিয়ে বিএনপি বলেছে, ‘গণবিচ্ছিন্ন’ হয়ে ক্ষমতাসীন দল এখন বেপরোয়া আচরণ করছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও নড়াইলের কালিয়াসহ বিভিন্ন স্থানে রোববার বিরোধী দলের কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দল হামলা চালিয়েছে।
“গণবিচ্ছিন্ন হয়ে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। এসব হামলার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিস্ট চেহারা প্রকাশ পেয়েছে,” বলেন তিনি।
রূপগঞ্জে ছাত্রদলের মিছিলে হামলার পর সংগঠনটির নেতা-কর্মীদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলারও নিন্দা জানান তিনি।
নয়া পল্টনে সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ুন, কাঞ্চন পৌর মেয়র মজিবুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮২৫ ঘ.
bdnews24