ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারিতে সরকারের ‘দুর্নীতির’ অংশ বলে দাবি করে তাদের পার পেয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মুখপাত্র শনিবার এক আলোচনা সভায় বলেছেন, “এই ঘটনার পর এখনো ওই কোম্পানির কাউকে গ্রেপ্তার করা হয়নি। বহাল তবিয়তে হলমার্কের এমডি পাজেরো গাড়ি নিয়ে দুর্নীতি দমন কমিশনে যাচ্ছেন। নখদন্তহীন দুদক ওপরের নির্দেশ পেলেই বলবে, তারা (হলমার্ক) নির্দোষ।”
সোনালী ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে হলমার্কের ২ হাজার ৬৬৮ কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনা প্রকাশের পর বিরোধী দলের সমালোচনার মধ্যে রয়েছে সরকার।
সরকারি দলের সংসদ সদস্যরাও এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে সংসদে সরব হয়েছেন। তারা ব্যাংকের পরিচালনা পর্ষদের সমালোচনার পাশাপাশি এই অনিয়মে জড়িতদের শাস্তি দাবি করেছেন।
হলমার্ক নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দিকে ইঙ্গিত করে ফখরুল বলেন, “অর্থমন্ত্রী ক্ষমা চাওয়ার পরও কেন ক্ষমতা ধরে আছেন। নির্লজ্জ এই সরকার। এখন প্রধানমন্ত্রীর উচিৎ ব্যর্থতার পুরো দায় নিয়ে নৈতিক কারণে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়া।”
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই ধরনের কেলেঙ্কারির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
পাশাপাশি সোনালী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত চেয়ারম্যানের দায়িত্বের মেয়াদ বাড়ানোরও তীব্র আপত্তি জানান তিনি।
ফখরুল বলেন, “রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অর্থ লুটের ঘটনার পরও সরকার জেনে-শুনে ওইসব ব্যাংকের পরিচালনা পর্যদের মেয়াদ আরো দুই বছর বাড়িয়েছে। এ থেকে বোঝা যায়, তারা চরম দুর্নীতিবাজে পরিণত হয়েছে।”
তার অভিযোগ, শুধু ব্যাংক থেকেই নয়, ডেসটিনি ও ইউনিপেটুইউ ইত্যাদি কোম্পানির মাধ্যমে ক্ষমতাসীনরা জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা ‘লুট’ করে বিদেশে পাচার করেছে।
ফখরুল বলেন, “কীভাবে দুর্নীতি করে অর্থ পাচার করবে, তারা সেই কাজেই সর্বক্ষণ ব্যস্ত। এখন কোনো সঙ্কটে পড়লে সরকারের মন্ত্রী-উপদেষ্টারা দিল্লি দৌড় দেন।”
“সরকারের লোকজন মালয়শিয়া ও দুবাইয়ে নতুন নতুন বাড়ি কিনছেন। তারা জানেন, সরকারের পতন হলে তারা দেশে থাকতে পারবেন না। সেজন্য নতুন ঠিকানা করছেন। এতে লাভ হবে না,” হুঁশিয়ারি দেন বিরোধী দলের এই নেতা।
জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির যুব সংগঠন যুব জাগপা ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনা সভায় বুয়েট পরিস্থিতি নিয়ে সরকারের পদক্ষেপেরও সমালোচনা করেন ফখরুল।
তিনি বলেন, “এত আন্দোলনের পরও সরকার দুর্নীতিবাজ ভিসিকে সমর্থন করছে। এভাবে তারা (সরকার) দেশে সব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ করে অচলাবস্থা সৃষ্টি করে রেখেছে।”
যুব জাগপার সভাপতি বেলায়েত হোসেন মোড়লের সভাপতিত্বে আলোচনা সভায় ফখরুল ছাড়াও বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, এনডিপি সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ন্যাপ মহাসচিব গোলাম মুস্তফা ভুঁইয়া প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫২২ ঘ.
bdnews24