দিনাজপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সংখ্যালঘু বাড়িঘরে হামলার ঘটনা কার গাফিলতিতে হয়েছে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।
শুক্রবার তিনি উপজেলার বলাইবাজার এলাকা পরিদর্শনকালে অনুপস্থিত পুলিশ সুপারকে ফোনে এ নির্দেশ দেন।
গত ৪ অগাস্ট বলাইবাজারে দুর্বৃত্তরা সংখ্যালঘু বাড়িঘরে হামলা ও লুটপাট চালায়।
মন্ত্রী পুলিশ সুপাকে বলেন, “অভিযোগ উঠেছে এই ঘটনায় এজাহারে যাদের নাম আছে তাদের অনেককে বাদ দেওয়া হচ্ছে। আবার নাম না থাকা নিরীহদের জড়ানো হচ্ছে। এটার ব্যাপারে কি করবেন সিদ্ধান্ত নেন।”
ঘটনার আগে মসজিদ ভাঙা হয়েছে বলে লিফলেট বিতরণ করে জেহাদের ডাক দেওয়ার দেওয়ার কথা যদি সত্য হয়, তবে তখন কেন ব্যবস্থা নেওয়া হয়নি জানতে চান তিনি।
তিনি বলেন, “আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানসহ সব ধর্মের মন্ত্রী। আওয়ামী লীগ সরকারের আমলে এমন ঘটনা ঘটল কার গাফিলতিতে, কাদের গাফিলতিতে? প্রশাসনের কারো গাফিলতি ছিল কি না এটা খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলব।”
মন্ত্রী ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের সহায়তার আশ্বাস দেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন দিনাজপুর- ৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৪ ঘ.
bdnews24