২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে বোমার মামলা স্থগিতে আবেদন ফখরুলের

হরতালে সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলের একটি আবেদন খারিজের বিরুদ্ধে করা আপিলে এই আবেদন করা হয়। ফখরুলের পক্ষে বৃহস্পতিবার ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেন। বিচারিক আদালতে মামলাটি আমলে না নেওয়ার বিষয়ে ফখরুল ইসলাম আলমগীরের আবেদন খারিজের আদেশ বাতিলের আর্জি জানানো হয়েছে আবেদনটিতে। হরতালের সময় সচিবালয়ে হাতবোমা বিস্ফোরণের বিএনপি নেতাদের আসামি করে গত ২৯ এপ্রিল রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ছাড়াও ২৭ জনকে আসামি করা হয়। মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক জহুরুল হক গত ২৬ অগাস্ট মামলাটি আমলে নেন। ওই দিন অভিযোগ আমলে না নিতে মির্জা ফখরুলের একটি আবেদন খারিজ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমডি/এমআই/১৬২২ ঘ.