ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমানা পুনর্র্নিধারণ ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আয়োজিত সংলাপে বিরোধী দলকেও আমন্ত্রণ জানানো হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, কাজের মধ্য দিয়ে বিএনপির আস্থা পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
দশম সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৩ সেপ্টেম্বর এই সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন, যাতে প্রথম দিন আলোচনা হবে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে।
বৃহস্পতিবার কমিশনের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, পর্যায়ক্রমে জ্যেষ্ঠ সাংবাদিক ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা সংলাপে বসবেন। মূলত সীমনা পুনর্নিনর্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদ নিয়েই আলোচনা হবে।
এখনো সংলাপসূচি ঠিক না হলেও বিরোধী দল ইসির ডাকে সাড়া দেবে বলে আশা করছেন কাজী রকিবউদ্দীন।
তিনি বলেন, “আমাদেরকে কাজ দিয়ে প্রমাণ করতে হবে; স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করে যেতে হবে, যাতে তা প্রমাণিত হয়।”
কাজী রকিবউদ্দীন নেতৃত্বাধীন বর্তমান কমিশন গত ফেব্রুয়ারি মাসে দায়িত্ব নেয়ার শুরু থেকেই বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট এ কমিশনের সমালোচনা করে আসছে।
অবশ্য সিইসি মনে করেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করতে পারলেই বিরোধী দল আশ্বস্ত হতো।
“ডিসিসি নির্বাচন হলে দেখানো যেত- আমরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করি। কিন্তু আদালতের নির্দেশে এ নির্বাচন হয়নি। আগামীতে আরো অনেক নির্বাচন রয়েছে। এ কাজের মধ্য দিয়ে দেখাব, আমরা সুষ্ঠু নির্বাচন করব। তাতে তাদের আস্থা অর্জন করতে পারব।”
“সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আমরা বসব। সময় মতো তাদের (বিরোধী দল) সঙ্গে আলোচনা করব। আলোচনাও ফলপ্রসূ হবে”, আশা প্রকাশ করেন তিনি।
সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গেও বর্তমান কমিশন বসবে বলে কাজী রকিবউদ্দীন জানান।
অন্যদের মধ্যে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক ও অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
তালিকা হালনাগাদ
সিইসি জানান, মঙ্গলবার থেকে ঢাকায় ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। প্রথম পযায়ে দুটি নির্বাচনী থানায় ও ১৫ সেপ্টেম্বর থেকে ডিসিসির বাকি এলাকায় এ কাজ শুরু হবে।
এ লক্ষ্যে ব্যাপক প্রচার চালানো হচ্ছে উল্লেখ করেন তিনি বলেন, “বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এরপরও সংশ্লিষ্টদের পাওয়া না গেলে তারা নিবন্ধন কেন্দ্রে গিয়ে তথ্য দিয়ে তালিকাভুক্ত হতে পারবে।”
ডিসিসির বাইরে সারাদেশে ইতোমধ্যে ৩৮ লাখ ৭০ হাজার নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। সারাদেশেও এ কার্যক্রম চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮৫২ ঘ.
bdnews24