ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ দলীয় জোট নেতারা প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বে ৬৪ জেলায় গণসংযোগ সফর শুরু করছেন আগামী শুক্রবার।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির পক্ষে জনমত গড়ে তোলাই তাদের এই সফরের উদ্দেশ্য।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জোট নেতারা ২৭টি দলে বিভক্ত হয়ে জেলায় জেলায় সমাবেশ ও গণমিছিল করবেন।
এদিকে আগামী ২০ সেপ্টেম্বর থেকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বিভিন্ন জেলায় জনসভা শুরু করবেন।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “১৮ দলীয় জোটের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দের জেলায় জেলায় গণসংযোগ সফর শুরু হবে শুক্রবার। এ লক্ষ্যে ২৭ টিম গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট নেতাদের কাছে তালিকা সম্বলিত চিঠি পাঠানো শুরু হয়ে গেছে।’’
কেন্দ্রীয় নেতাদের এই গণসংযোগ সফরে প্রতিটি টিমের নেতৃত্বে দেবেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
ইতোমধ্যে প্রস্তুত তালিকা অনুযায়ী দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন- চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ, মাহবুবুর রহমান- দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তরিকুল ইসলাম-খুলনা মহানগর, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর, এম কে আনোয়ার- বরিশাল মহানগর, সিলেট জেলা ও মহানগর, হবিগঞ্জ, আ স ম হান্নান শাহ- কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর, রফিকুল ইসলাম মিয়া- গাজীপুর ও নরসিংদী, মির্জা আব্বাস- কিশোরগঞ্জ, নেত্রকোনা ও টাঙ্গাইল, গয়েশ্বর চন্দ্র রায়- ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল, নজরুল ইসলাম খান- নাটোর, নওগাঁও, রাজশাহী মহানগর ও চাপাই নবাবগঞ্জের টিমের নেতৃত্ব দেবেন।
সহসভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে আবদুল্লাহ আল নোমান- বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ- রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ, সেলিমা রহমান- পটুয়াখালী, পিরোজপুর ও ভোলা, শাহজাহান ওমর- মৌলভীবাজার ও সুনামগঞ্জ, এম মোরশেদ খান- লক্ষীপুর, নোয়াখালী ও ফেনী, ওসমান ফারুক- জামালপুর, শেরপুর, খন্দকার মাহবুব হোসেন- ঝালকাঠি, বরগুনা, মীর মোহাম্মদ নাসির উদ্দিন- মাদারীপুর, শরীয়তপুর, রাবেয়া চৌধুরী- কুমিল্লা উত্তর ও দক্ষিণ, ফজলুর রহমান পটল- গাইবান্ধা, ইকবাল হাসান মাহমুদ টুকু- বরগুনা, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ, এ জেড এম জাহিদ হোসেন- কুড়িগ্রাম ও লারমনিহাট, শামসুজ্জামান দুদু- কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান, যুগ্ম-মহাসচিবদের মধ্যে আমান উল্লাহ আমান- কুমিল্লা জেলা ও চাঁদপুর, মোহাম্মদ শাহজাহান- ঢাকা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ, বরকত উল্লাহ বুলু- ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ, সালাহউদ্দিন আহমেদ- নীলফামারী ও শরীয়তপুর, রুহুল কবির রিজভী- নারায়ণগঞ্জ টিমের নেতৃত্বে দেবেন।
রিজভী জানান, বিরোধী দলীয় নেতা আগামী ২০ সেপ্টেম্বর থেকে এক মাস ধরে বিভিন্ন জেলায় জনসভা করবেন। এরমধ্যে চারটি জনসভার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।
এগুলো হচ্ছে- ২০ সেপ্টেম্বর দিনাজপুর, ২৯ সেপ্টেম্বর রাজবাড়ী, ৪ অক্টোবর হবিগঞ্জ এবং ৯ অক্টোবর রবিশালে জনসভা করবেন খালেদা।
এছাড়া ঈদুল আযহার আগ পর্যন্ত বিভিন্ন জেলার নেতাদের ঢাকায় ডেকে তাদের সঙ্গে বিরোধী দলীয় নেতার মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। তবে এর দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানান এই বিএনপি নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫০ ঘ.
bdnews24