গাজীপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ আসনের উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া আটজনের মধ্যে পাঁচ জনের প্রার্থিতা বাতিল হয়েছে।
বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বাছাইয়ের পর ত্রুটিযুক্ত মনোনয়নপত্রগুলো বাতিল ঘোষণা করা হয়।
উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ সাংবাদিকদের জানান, ঋণ খেলাপি ও সংযুক্ত কাগজপত্রে ত্রুটি থাকায় পাঁচজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এ নির্বাচনে এখন প্রার্থিতা বহাল রয়েছে তিন জনের। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত সিমিন হোসেন রিমি, তার চাচা স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমদ খান ও কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুল্যাহ বাদল।
যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তারা হলেন- গণফ্রন্টের মো. সারওয়ার, স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত, মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা, বেগম হাফিজা জামান ও মো. বজলুল হক।
রিটার্নিং কর্মকর্তা বলেন, “এ নির্বাচনে ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এ সময়ের মধ্যে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। যাচাই বাছাই শেষে তিনজনের কাগজপত্র ত্র“টিমুক্ত হওয়ায় তাদের প্রার্থিতা বহাল রয়েছে। বাকি পাঁচজনের মানোনয়নপত্র বাতিল করা হয়েছে।”
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন বলে জানান মিহির সারওয়ার।
আওয়ামী লীগের তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের কারণে জাতীয় নির্বাচনের প্রায় দেড় বছর বাকি থাকতে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে উপনির্বাচন হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর এখানে ভোটগ্রহণ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৫৫৬ ঘ.
bdnews24