ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সরকারের অর্থমন্ত্রী কে হবেন, তা নিয়ে তারা চিন্তিত।
বিএনপি নেতা সাইফুরের তৃতীয় মৃত্যবার্ষিকী উপলক্ষে বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ফখরুল বলেন, “তিনি ছিলেন বাংলাদেশের অর্থনীতির সংস্কারক। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সরকারের অর্থমন্ত্রী কে হবেন, তা নিয়ে আমাদের চিন্তায় পড়তে হয়। সাইফুর রহমানের মতো অর্থমন্ত্রী পাওয়া দুস্কর।”
“তবে আমরা আশাবাদী, দেশনেত্রী খালেদা জিয়া সাইফুর রহমানের মতোই একজন দক্ষ ও যোগ্য অর্থমন্ত্রী খুঁজে বের করবেন”, যোগ করেন তিনি।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা যান সাইফুর রহমান।
সামরিক শাসক জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়ার পুরো শাসনমালে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন এম সাইফুর রহমান। তিনি মোট ১২টি জাতীয় বাজেট সংসদে পেশ করেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও সাইফুর রহমান স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
প্রয়াত অর্থমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, “১৯৭৫ এর আগে একদলীয় শাসনব্যবস্থার মাধ্যমে দেশের অর্থনীতিকে লুটপাটতন্ত্রে পরিণত করা হয়েছিল। এরপর প্রেসিডেন্ট জিয়া অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমানকে নিয়োগ দিয়ে মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সফল হয়েছিলেন। তিনিই দেশে ভ্যাট প্রবর্তন করেছিলেন। যদিও শুরুতে অনেকেই এর সমালোচনা করেছিলেন।”
“অর্থনীতিকে এগিয়ে নেওয়ার এই সফলতার জন্য ভারতের প্রধানমন্ত্রী মানমোহন সিং একদিন বলেছিলেন, আমার দেশের জন্য সাইফুর রহমানকে দিয়ে দিন।”
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আলোচনাসভায় বলেন, “তিনি শতভাগ দেশপ্রেমিক একজন অর্থমন্ত্রী ছিলেন। দেশের সামষ্টিক অর্থনীতির ভিত তিনিই তৈরি করে গেছেন। তার শাসনামলে দেশের জাতীয় প্রবৃদ্ধি ৭ ভাগে উন্নীত হয়েছিল।”
হলমার্ক কেলেঙ্কারি
সোনালী ব্যাংক থেকে হলমার্ক গ্র“পের সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনা সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মন্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, “পুঁজিবাজার, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, পদ্মাসেতু প্রকল্প থেকে যেভাবে ক্ষমতাসীনরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তার সঙ্গে তুলনা করেই অর্থমন্ত্রী বলেছেন, হলমার্কের টাকার অঙ্ক কিছু না। আমরা অর্থমন্ত্রীর এ বক্তব্যের নিন্দা জানাই।”
একই সঙ্গে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।
অন্যদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, কাজী আসাদুজ্জামান, যুবদলের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুল সালাম আজাদ, কাইয়ুম চৌধুরী, উলামা দলের হাফেজ আবদুল মালেক, শাহ মো. নেসারুল হক আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মিলাদ মাহফিলে সাইফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৪১০ ঘ.
bdnews24