২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রেলের জমি হাতছাড়ার পেছনে রাজনৈতিক প্রভাব’

“শুধু পাকশিতে রেলওয়ের যে জমি আছে তা বিক্রি করে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব,” বলেছেন রেলমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলের জমি উদ্ধারে হতাশা প্রকাশ করে রেল ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক প্রভাবের কারণে বেদখল হয়ে পড়া জমি উদ্ধার করা যাচ্ছে না। তার মতে, শুধু পাকশিতে বেদখল হওয়া রেলের জমি বিক্রি করে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। মঙ্গলবার জাতীয় সংসদে এনামুল হকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বিকাল সোয়া ৫ টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হয়। কাদের বলেন, “শুধু পাকশিতে রেলওয়ের যে জমি আছে তা বিক্রি করে পদ্মা সেতু নির্মাণ সম্ভব। সেখানে রাজনৈদিতক পরিচয়ে ২০০ একর জমির ওপর রাজপ্রসাদ নির্মাণ করা হয়েছে। সারাদেশে ৬ হাজার একরের মতো রেলওয়ের জমি বেদখল রয়েছে।” এসব জমি রেলওয়ের পক্ষে একা উদ্ধার করা সম্ভব নয় বলেও জানান তিনি। রেলওয়েতে নিয়োগ বাণিজ্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, “দুর্ভাগ্য যে রেলে খালাসি সুইপার নিয়োগের জন্য টাকা নেওয়া হয়। এরা মানুষ নামের অযোগ্য। অনিয়ম হলে বদলি, কারণ দর্শানো নোটিস দিতে পারি, শাস্তি দিতে পারি না। কারণ বিকল্প জনবল নেই।” তবে আগামী আগস্টের মধ্যে রেল গতি পাবে বলে দাবি করেন তিনি। ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, “লাইসেন্স বিহীন, প্রশিক্ষণ বিহীন ও অদক্ষ গাড়িচালকেদের বেপরোয়া গাড়ি চালানো দুর্ঘটনা ঘটার অন্যতম একটি কারণ। বিগত সরকারের সময়ে পরিবহন মালিক সংগঠনের সুপারিশে গাড়িচালকদের বিপুল সংখ্যক লাইসেন্স দেয়া হয়েছিল।” ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে কাদের জানান, বনানী ওভারপাস ও রেলক্রসিং নির্মাণের কাজ ৭৫ শতাংশ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরে এর নির্মাণ কাজ শেষ হবে। মিরপুর হতে সেনানিবাসের ওপর দিয়ে বিমানবন্দর সড়কের নির্মাণ কাজ ৬০ শতাংশ শেষ হয়েছে। আগামী বছরের মার্চের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। আমিনা আহমেদের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, বিগত জোট সরকারের আমলে প্রায় ৯৭ কোটি টাকা ব্যয়ে ৪৮০টি বিআরটিসি বাস ও ট্রাক কেনা হয়েছিল। এরমধ্যে বর্তমানে ৩৩৬টি সচল আছে। ১০২টি মেরামতে আছে। বিক্রি করা হয়েছে ৩৪টি। অচল অবস্থায় আছে আটটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএল/১৯১৯ ঘ.