২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হীন স্বার্থ হাসিলে আন্দোলন করছেন মহিউদ্দিন’

নিজের ‘হীন স্বার্থ’ হাসিলে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের ব্যানারে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী আন্দোলনের ডাক দিয়েছেন বলে অভিযোগ করেছে একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের ‘হীন স্বার্থ’ হাসিলে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের ব্যানারে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী আন্দোলনের ডাক দিয়েছেন বলে অভিযোগ করেছে একটি সংগঠন। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ডক বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। সংগঠনটি বন্দর এলাকার আওয়ামী লীগ দলীয় সাংসদ এম এ লতিফের সমর্থনপুষ্ট। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দরপত্রে ১২টি শর্ত সংশোধন করে একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার ‘চক্রান্ত’ চলছে অভিযোগ করে এর বিরুদ্ধে আন্দোলন করছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী। এনসিটি’র দরপত্র প্রক্রিয়া নিয়ে সাংসদ লতিফ ও সাবেক মেয়র মহিউদ্দিনের মধ্যে দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলন করল সংগঠনটি। লিখিত বক্তব্যে ডক বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, “গত পাঁচ বছর ডক বন্দর শ্রমিক কর্মচারীদের পঙ্গু করে তথাকথিত শ্রমিক দরদী মহিউদ্দিন চৌধুরী আজ বন্দর রক্ষা পরিষদের ব্যানারে নিজেরদের হীন স্বার্থ রক্ষায় আন্দোলনের ডাক দিয়েছেন।” বার্থ অপারেটর এসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম, ইব্রাহিম হোসেনদের নিয়ে সাবেক মেয়র এ আন্দোলন করছেন বলে অভিযোগ করেন তিনি। “বন্দর রক্ষা নয় চৌধুরী সাহেব বিভিন্ন সময় নানা আন্দোলনের ধোঁয়া তুলে চট্টগ্রামসহ সারাদেশে অর্থনৈতিক কর্মকা- ব্যাহত করছেন।” সংবাদ সম্মেলনে শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. ইমাম হোসেনসহ বন্দরের শ্রমিকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/১৮৪৩ ঘ.