২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অর্থমন্ত্রী দুঃখ প্রকাশ করে নজির গড়েছেন’

হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনা থেকে রাজনীতিবিদদের ‘শিক্ষা’ গ্রহণের আহ্বান জানিয়ে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ওই ঘটনায় নিজের বক্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করে অর্থমন্ত্রী নজির স্থাপন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 10:23 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনা থেকে রাজনীতিবিদদের ‘শিক্ষা’ গ্রহণের আহ্বান জানিয়ে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ওই ঘটনায় নিজের বক্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করে অর্থমন্ত্রী নজির স্থাপন করেছেন। বিরোধী দল হলমার্ক অর্থ কেলেঙ্কারির ঘটনার সুযোগ নেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত। হোসেন শহীদ সোহরাওর্য়ার্দীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, “গতকাল আমাদের অর্থমন্ত্রী তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই সরল স্বীকারোক্তির মাধ্যমে আমাদের গণতন্ত্র সমৃদ্ধ হয়েছে।” স¤প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় সোনালী ব্যাংক থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলার তথ্য বেরিয়ে আসে, যার মধ্যে হলমার্ক গ্রুপ একাই তুলে নেয় দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি। ওই ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত মঙ্গলবার বলেন, “৪০ হাজার কোটি টাকা ঋণের মধ্যে ৪ হাজার কোটি টাকা নিয়েছে। এটা নিয়ে আপনারা (সাংবাদিক) অনেক পাবলিসিটি করছেন। এতে দেশের ক্ষতি হচ্ছে। ব্যাংকিং সেক্টর নিয়ে প্রশ্ন উঠছে, মনে হচ্ছে এটা ধসে চলে গেল।” তার ওই বক্তব্যের পর জাতীয় সংসদেও সমালোচনার ঝড় ওঠে। আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও তোফায়ের আহমেদ অর্থমন্ত্রীকে কথা কম বলারও পরামর্শ দেন। এরপর বৃহস্পতিবার নিজ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী সংসদে বলেন, “আমার এই বক্তব্যের কারণে দুর্নীতি উৎসাহিত হতে পারে। আমি চাই না দুর্নীতি উৎসাহিত হোক। সে জন্য আমি আমার এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি এবং বক্তব্যটি প্রত্যাহার করছি।” জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের সদস্যদের ভূমিকার প্রশংসা করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “পার্লামেন্টে আওয়ামী লীগের সদস্যরা অর্থমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। এর মাধ্যমে প্রমাণিত হলো, আমরাই আমাদের সবচেয়ে বড় বিরোধী দল। আমরা জনগণের পাশে থাকব, আবার আমরাই আমাদের সমালোচনা করে নিজেদের ভুলত্রুটিগুলো সংশোধন করব।” হলমার্ককা- নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে এই আওয়ামী লীগ নেতা বলেন, “তাদের সময়ে লুটপাট কোনো অংশেই কম হয়নি। এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এখন এটা নিয়ে বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।” ওই ঘটনার প্রেক্ষিতে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে সুরঞ্জিত বলেন, “আমাদের প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। ওই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে স্থানান্তর এবং এর সাথে যারাই যুক্ত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলাসহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণে কুণ্ঠা বোধ করবেন না।” অর্থ কেলেঙ্কারির ঘটনায় আফসোস করে এই মন্ত্রী বলেন,“সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে গেল, কেউ জানল না, বুঝল না; সবাই কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল?’ অন্যদের মধ্যে শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, জনতা ব্যাঙ্কের মহাপরিচালক বলরাম পোদ্দার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, সহসভাপতি জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১৬১৫ ঘ.