ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষাঙ্গনে অচলাবস্থার জন্য সরকারকে দায়ী করে বিএনপি বলছে, ‘উদ্দেশ্যমূলকভাবে’ তারা এ কাজটি করছে।
মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে বিএনপির এক নেতাকে দেখতে গিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকার উদ্দেশ্যমূলকভাবে উচ্চ শিক্ষাঙ্গনে অচলাবস্থা সৃষ্টি করছে। তাদের দলীয়করণের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। উদ্দেশ্য একটাই- দেশের উচ্চ শিক্ষাঙ্গন বন্ধ হয়ে গেলে আমাদের ছেলে-মেয়েরা দেশে পড়ালেখা না করে বিদেশে পড়তে চলে যাবে।”
বুয়েটের উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “আমরা মনে করি, বুয়েটের সমস্যার সমাধান করতে হলে কেবল প্রোভিসিকে সরালেই হবে না। ভিসিসহ দুইজনকে সরিয়ে নিতে হবে। তাহলে এই অচলাবস্থার অবসান হতে পারে।”
অনিয়মের অভিযোগ তুলে বুয়েট উপাচার্য এস এম নজরুল ইসলাম ও উপ উপাচার্য হাবিবুর রহমানের অপসারণ দাবিতে গত এপ্রিল থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন বুয়েট শিক্ষকরা। পরে শিক্ষার্থীরাও সেই আন্দোলনে যোগ দেন। সোমবার শিক্ষকদের সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, উপউপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে অপসারণ করা হবে।
রাজধানীর স্কয়ার হাসপাতালে ঝিনাইদহের মহেশপুরের বাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্থানীয় বিএনপি নেতা আবদুল লতিফকে দেখতে যান মির্জা ফখরুল। ১ সেপ্টেম্বর সন্ত্রাসীদের হামলায় লতিফ গুরুতর আহত হলে পরদিন তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আবদুল লতিফের ওপর হামলার নিন্দা ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করেন ভারপ্রাপ্ত মহাসচিব।
সংসদ প্রসঙ্গে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নবম সংসদের শুরুতে আমরা অধিবেশনে গিয়েছি। আমরা এখনো বলছি, বিএনপি সংসদে ফিরে যেতে চায়। কিন্তু বর্তমানে যাওয়ার সেই পরিবেশ নেই।”
মঙ্গলবার বিকালে সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হচ্ছে। এ অধিবেশনে যোগ দিচ্ছে না বিএনপি।
ফখরুল বলেন, “ক্ষমতাসীনরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে সংবিধানে তা সংযোজনের সিদ্ধান্ত নিলে আমরা সংসদে ফিরে যাব।”
ছাত্রদলের নতুন কমিটি নিয়ে আশাবাদ
‘সরকারের নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে’ ছাত্রদলের নতুন কমিটি অতীতের কমিটিগুলোর চেয়েও বেশি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, নতুন কমিটি ছাত্র-ছাত্রীদের সমস্যা তুলে ধরা এবং শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
মঙ্গলবার আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে সভাপতি ও হাবিবুর রশীদ হাবিবকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্যে নতুন কমিটি গঠন করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
গভীর রাতে কমিটি গঠনের কারণ জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “গভীর রাতে কমিটি গঠন করার বিষয়টি কোনো কৌশল নয়। এটা স্বাভাবিক। আমি এখানে কোনো ব্যত্যয় দেখছি না।”
সাবেক সাংসদ শহিদুল ইসলাম মাস্টার ও জাসাস সাধারণ সম্পাদক মনীর খান হাসপাতালে মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৫২৫ ঘ.
bdnews24