ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
সোমবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহবান জানান।
বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণ হিসাবে এই খাতের ‘সীমাহীন দুর্নীতি’ ও ‘অবাধ লুটপাটকে’ দায়ী করেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, “এই খাতের অব্যবস্থাপনা, অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে লোকসানের দায়ভার অসহায় ভোক্তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করছে।”
বিদ্যুতের মূল্য না বাড়িয়ে তা ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং বিদ্যুৎ খাতে কথিত দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের
দাবি জানান এই বিএনপি নেতা।
শনিবার থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এ নিয়ে ষষ্ঠবারের মতো বিদ্যুতের দাম বাড়ানো হলো।
সর্বশেষ গত ২৯ মার্চ বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম প্রতি ইউনিটে যথাক্রমে গড়ে ২৮ পয়সা এবং ৩০ পয়সা করে বাড়ানো হয়। গত ১ মার্চ থেকে এই দাম কার্যকর হয়।
সে অনুযায়ী বর্তমানে প্রতি ইউনিট পাইকারি বিদ্যুত বিক্রি হচ্ছে ৪ টাকা ২ পয়সায়। আর খুচরা গ্রাহকদের ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটে ৩ টাকা ৫ পয়সা, ১০০ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে ইউনিট প্রতি ৪ টাকা ২৯ পয়সা এবং ৪০০ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটে ৭ টাকা ৮৯ পয়সা হারে দাম দিতে হচ্ছে।
বিবৃতিতে মির্জা ফখরুল দাবি করেন, বিদ্যুতের মূল্য বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভূমিকা সরকারের ‘তল্পিবাহকের’ মতো। বিদ্যুৎ খাতে সরকারের ‘অনৈতিক ও লুন্ঠন’ কর্মকা-ে তারা (বিইআরসি) সহযোগিতা করে যাচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, ২০০৮-০৯ অর্থবছরে বিদ্যুৎ খাতে লোকসানের পরিমাণ ছিল প্রায় আটশত কোটি টাকা। বিগত অর্থবছরে (২০১১-১২) প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিদ্যুৎ খাতে সরকারের লোকসান দাঁড়িয়েছে প্রায় সতের হাজার কোটি টাকা। গত তিন বছরে এই খাতে লোকসান বেড়েছে প্রায় বাইশ গুন। এই সময়ে সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০৯ ঘ.
bdnews24