২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট ভিসির অপসারণ দাবি মির্জা ফখরুলের

অবিলম্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণ দাবি করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 01:04 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণ দাবি করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে দিয়ে বলেন, “অন্যথায় এর (সৃষ্ট পরিস্থিতির) দায়ভার সরকারকেই নিতে হবে।” সোমবার বিকালে রাজধানীতে এক সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এ দাবি জানান। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। ছাত্রলীগের ‘গুণ্ডাবাহিনী’ গতকাল (রোববার) বুয়েটে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এসবের নিন্দা জানিয়ে তিনি বলেন, “সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে বুয়েটের উপাচার্য-উপউপাচার্যকের সরিয়ে দিন এবং শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নিন।” বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চতুর্থ কারা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের শোভাযাত্রার আগে এক সমাবেশের বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মহাসচিব। বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর নেতৃত্বে শোভাযাত্রাটি বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে শেষ হয়। শিক্ষাঙ্গনে কথিত অচলাবস্থা সৃষ্টির জন্য সরকারের ‘দলীয়করণকে’ দায়ী করেন মির্জা ফখরুল। দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে পড়াশুনার জন্য শিক্ষার্থীদের পার্শ্ববর্তী দেশে যেতে বাধ্য করার ‘ষড়যন্ত্র চলছে’ বলেও দাবি করেন তিনি। এই বিএনপি নেতা মনে করেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তার বিরুদ্ধে একের পর এক ‘মিথ্যা’ মামলা দিচ্ছে। সর্বশেষ ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ জড়ানো হয়েছে। ছাত্রদল সভাপতি টুকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। সুপ্রিম কোর্টের আদেশে জামিন নিয়ে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। প্রতিবছর এই দিনটিকে বিএনপি কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএএইচ/এইচএ/১৯০৩ ঘ.