২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা বাবলু হত্যার আসামি গ্রেপ্তার

রাজবাড়ী জেলা বিএনপির নেতা ও সাবেক যুবদল সভাপতি এসএম সামসুল আলম বাবলু হত্যা মামলার আরেকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

রাজবাড়ী, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী জেলা বিএনপির নেতা ও সাবেক যুবদল সভাপতি এসএম সামসুল আলম বাবলু হত্যা মামলার আরেকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকার উত্তরার ১০ নম্বর সেক্টরের একটি বাসা থেকে খায়রুল ইসলাম ভুইয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াদুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে গ্রেপ্তারের পর শনিবার সকালে খায়রুলকে রাজবাড়ী থানায় নিয়ে আসা হয়। সে বাবলু হত্যা মামলার ৩ নম্বর আসামি।” এ মামলায় এর আগে আরিফ কুলি ও বিশ্বজিত কুমার সেন ওরফে মানিক নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা সবাই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানান এসআই ওয়াদুদ। গত ২৩ অগাস্ট রাতে বাড়ী ফেরার পথে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাবলু। এ ঘটনায় নিহতের ছোট ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২২৩৮ ঘ.