ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৬তম শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চারদিনের সফর শেষে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার কিছু সময় আগে ঢাকায় হযরত শাহজালাল (র) বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ এবং তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও কূটনীতিকরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বাংলাদেশ বিমানের এক বিশেষ ফ্লাইটে শনিবার সকালে দেশের উদ্দেশ্যে ইরানের রাজধানী তেহরান ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এর আগে ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ২৯ অগাস্ট তেহরান যান শেখ হাসিনা।
ন্যাম সম্মেলনে পাশাপাশি ভারত, ইরান, শ্রীলংকা ও নেপালসহ সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠকও করেন তিনি।
শেখ হাসিনা শুক্রবার বেনিনের প্রেসিডেন্ট টমাস ইয়াজি বনি, ভুটানের প্রধানমন্ত্রী জিগমে থিনলে, সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল নাদের আল হালকি, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ বিন মোহাম্মদ, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ শহীদ, জর্ডানের প্রিন্স হাসান বিন তালাল, সোমালিয়ার শ্রম, সমাজ, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মোহাম্মদ জিরদেহ হুসেনের সঙ্গে বৈঠক করেন।
তেহরানে ওআইসি কনভেনশন সেন্টারে গত শুক্রবার রাতে ন্যাম শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে এশিয়া প্যাসিফিক গ্রুপের পক্ষে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা দিতে গিয়ে শেখ হাসিনা ইরানের প্রতি আগামী তিন বছরের জন্য ন্যামের নেতৃত্বদানে সমর্থন পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন আগামীতে ন্যামভুক্ত দেশগুলোর সংহতি জোরদার হবে এবং গতিশীল বিশ্ব অংশীদারিত্ব গড়ে উঠবে।
সম্মেলনে যোগদানকারীদের মধ্যে শেখ হাসিনাই ছিলেন একমাত্র নারী প্রধানমন্ত্রী। সমাপ্তি অধিবেশনে এশিয়া প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে ধ্যনবাদ জানানোর জন্য তাকে মনোনীত করা হয়।
শেখ হাসিনা বলেন, জোট নিরপেক্ষ আন্দোলন সকলের বিশেষ করে সদস্য দেশগুলোর চারশ’ কোটি মানুষের জন্য মতামত প্রকাশের সমান সুযোগ সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে আগামীতেও কাজ করে যাবে।
ভবিষ্যতের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ন্যাম ইরানের নেতৃত্বে সদস্য দেশগুলোর আশা আকাঙ্খা পূরণে সক্ষম হবে এবং এশিয়া প্যাসিফিক গ্রুপের সকল সদস্য রাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশও এ বিষয়ে ইরানকে সমর্থন দেবে।
ফিলিস্তিন সমস্যার ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানে ন্যাম এগিয়ে যাবে বলেও সদস্য রাষ্ট্রগুলোর আস্থার কথা ব্যক্ত করেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৮৫৪ ঘ.
bdnews24