ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে বিএনপি।
শনিবার সকালে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতির কবরে ফুল দেন।
ফুল দেওয়ার পর প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় মোনাজাতও হয়। সমাধি প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করছে জিয়া সাংস্কৃতিক সংগঠন।
৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।
সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার উদ্যোগে তিনদিন ব্যাপী বই মেলা শুরু হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩৪ বছরে বিএনপি ইতিহাসের বাঁকে বাঁকে নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজ দেশের সর্ববৃহৎ ও সর্বাধিক জনপ্রিয় দলে পরিণত হয়েছে।”
দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত কয়েকদিন ধরে সহযোগী সংগঠনগুলোর অনুষ্ঠান চলছে।
১৯৭৫ সালের ১৫ অগাস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অস্থিরতার এক পর্যায়ে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে আসেন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান।
দেশের প্রথম সামরিক আইন প্রশাসক হিসেবে ক্ষমতা গ্রহণের পর জিয়া ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান।
ক্ষমতায় আরোহনের আগে অবশ্য জিয়ার পৃষ্ঠপোষকতায় ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থী দল গঠিত হয়, যা পরে বিএনপিতে বিলুপ্ত হয়।
রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালে চট্টগ্রামে সেনা অভ্যুত্থানে নিহত হন জিয়া। এরপর দলের হাল ধরেন জিয়া স্ত্রী খালেদা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া বিএনপির জনভিত্তি তৈরি করে দেন খালেদাই।
খালেদার নেতৃত্বে বিএনপি ১৯৯১ এবং ২০০১ সালে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যায় বিএনপি। তবে ২০০৮ সালের নির্বাচনে দলটির ভরাডুবি ঘটে।
শেরে বাংলা নগরে জিয়ার কবরে ফুল দেওয়ার সময় খালেদার সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও বিএনপি নেতাদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা, আলতাফ হোসেন চৌধুরী, ওসমান ফারুক, ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, ফজলুল হক মিলন, জয়নুল আবদিন ফারুক, নাজিম উদ্দিন আলম, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।
এছাড়া সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন এ কে এম আজিজুল হক, জাফরুল হাসান, আবুল কাশেম চৌধুরী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নিরব, হাবিবউন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, শিরিন সুলতানা, হাফেজ আবদুল মালেক, শাহ মো. নেসারুল হক, এম এ মালেক, আবুল কালাম আজাদ, আবুল হাশেম রানা প্রমুখ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৫০ ঘ.
bdnews24