২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালকিনিতে গোলাপের গণসংযোগে বাধা

সৈয়দ আবুল হোসেনের নির্বাচনী এলাকা মাদারীপুরের কালকিনিতে গণসংযোগ চালাতে গিয়ে দুই দফা বাধার মুখে পড়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 06:57 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

মাদারীপুর, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নির্বাচনী এলাকা মাদারীপুরের কালকিনিতে গণসংযোগ চালাতে গিয়ে বাধার মুখে পড়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ। শুক্রবার সকাল ১১টার দিকে আলীনগর ইউনিয়নে এক দল লোক গোলাপ সমর্থকদের ওপর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে। এর ঘণ্টা খানেক পর এনায়েতনগর ইউনিয়নে দ্বিতীয় দফা হামলার মুখে পড়েন গোলাপ। এলাকাবাসী জানায়, আবুল হোসেনের পক্ষে স্লোগান দিয়ে গোলাপের গাড়িবহরে হামলা হয়। ওই সময় অনেকগুলো হাতবোমার বিস্ফোরণ ঘটে। দুই দফা হামলার পর পুলিশ পাহারায় মিয়ারহাটে অবস্থান করছেন আব্দুস সোবহান গোলাপ। আব্দুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ (কালকিনি ও সদরের একাংশ) আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা জানিয়ে গত ছয় মাস ধরে এলাকায় জনসংযোগ ও প্রচার চালাচ্ছেন। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগকারী মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এই আসন থেকে টানা কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। স্থানীয়রা জানায়, সকালে কালকিনি থেকে এনায়েতনগর ইউনিয়নে যাওয়ার পথে আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে গোলাপের গাড়িবহর আটকে দেয় আবুল হোসেনের পক্ষে মিছিলকারীরা। তখন দুই পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি চলতে থাকে। এক পর্যায়ে পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। কালকিনি থানার ওসি এ কে এম শাহিন মণ্ডল সাংবাদিকদের বলেন, গোলযোগের খবর পেয়েই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালীগঞ্জ বিদ্যালয়ের সামনে সংঘর্ষে তিনজন আহত হয়। সেখানে আটকে পড়েন গোলাপ। পরে পুলিশ পাহারায় তিনি এনায়েতনগরের ফাসিয়াতলায় যান। স্থানীয়রা জানায়, ফাসিয়াতলায় একটি পথসভা করে যাওয়ার পথে ওই ইউনিয়নের খালেকের হাটে পুনরায় আবুল হোসেন সমর্থকদের বাধার মুখে পড়েন গোলাপ। সেখানে সংঘর্ষের সময় অন্তত ১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে স্থানীয়রা জানায়। সংঘর্ষের সময় চারটি মোটর সাইকেলও ভাংচুর হয়। আহত হয় অন্তত ১৫ জন। পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান। এরপর গোলাপের গাড়িবহর পুলিশ পাহারায় মিয়ারহাটে অবস্থান নেন। কালকিনি থানা পুলিশের একটি দলের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ সেখানে যায়। আব্দুস সোবহান গোলাপ সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোমাবাজদের পুলিশে ধরিয়ে দিয়েছে তার সমর্থকরা। দুটি স্থানে বাধার পরও তার কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রীর সহকারী। তিনি বলেন, পরে তিনি নির্ধারিত পথসভায়ও বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.