শরিয়তপুর, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মান্নান সর্দারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় পৌর এলাকার বাখিয়া গ্রামে নিজ বাড়ির সামনে মান্নানকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছেন পালং থানার ওসি রবিউল আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে খাবার শেষে মান্নান (৪০) নিজ বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাটি করছিলেন। এ সময় অন্ধকারের মধ্যে সন্ত্রাসীরা এসে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।”
মান্নানের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
মান্নানের স্ত্রী রাশিদা বেগম জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
ঘটনার পর জেলা পুলিশ সুপার শহীদুর রহমান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৫৫ ঘ.
bdnews24