ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য বিরোধীদলকে ‘বায়না না ধরার’ আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
বিরোধী দলের নীতিনির্ধারকদের উদ্দেশে মতিয়া বলেন, তত্ত্বাবধায়ক পদ্ধতি নিয়ে বায়না ধরে কোনো লাভ নেই। এ পদ্ধতি আর ফিরবে না।
অগাস্টের মাসব্যাপী কর্মসূচীর শেষ দিনে বৃহস্পতিবার বিকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
বিএনপিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মতিয়া বলেন, “পানি ঘোলা করে খাবেন না। টলটলা পানি খান। নির্বাচনে অংশ নিন।”
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, “ভুলে গেলে চলবে না তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিলুপ্তি আপনারাই চেয়েছেন। এ পদ্ধতি মহাজোট সরকার বাতিল করেনি, উচ্চ আদালত বতিল করেছে।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১৩৩ ঘ.
bdnews24