২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নরম কর্মসূচি মানে পিছু হটা নয়’

নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় গণসংযোগ কর্মসূচি নমনীয় হলেও তা আন্দোলন থেকে পিছু হটা নয় বলে দাবি করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় গণসংযোগ কর্মসূচি নমনীয় হলেও তা আন্দোলন থেকে পিছু হটা নয় বলে দাবি করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, “আমরা ক্রমাগত হরতাল করছি না। গাড়ি পোড়ানোর মতো আন্দোলনও করি না। জনগণের দুর্ভোগ হবে, এমন কোনো কর্মসূচি দিতে চাই না। সেজন্য যারা একে নরম কর্মসূচি বলছেন, তারা ভুল করছেন।” নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় ঈদুল ফিতরের পর কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা থাকলেও দুই মাসের গণসংযোগ কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপির কর্মসূচির প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে পিছু হটছে বিরোধী দল। নমনীয় কর্মসূচির সমালোচনা যে বিএনপির মধ্যেও রয়েছে, তা দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের কথায় স্পষ্ট। সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক বুধবার এক সভায় দলের নীতি-নির্ধারকদের উদ্দেশে বলেন, “দলের নেতা-কর্মীরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করার মতো কর্মসূচি চায়। কর্মসূচি দিতে আওয়ামী লীগকে ভয় পেলে চলবে না।” নতুন কর্মসূচির যৌক্তিকতা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, “জনগণকে আরো সম্পৃক্ত করতে গণসংযোগ কর্মসূচি দেওয়া হয়েছে। এই কর্মসূচির অর্থ আন্দোলন থেকে পিছু হটা নয়। জনগণকে সম্পৃক্ত করেই নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।” তিনি জানান, বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতারা ১৯টি দলে ভাগ হয়ে শিগগিরই সারাদেশে গণসংযোগে বের হবেন। আগামী ৭ সেপ্টেম্বর থেকে তা শুরু হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার গুলিস্থানে মহানগর নাট্যমঞ্চে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকালে আলোচনা সভা হবে সেখানে। তার প্রস্তুতি দেখতে দুপুরে নজরুল সেখানে যান। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকে নিয়ে অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন বিএনপি নেতা। সোহেল অভিযোগ করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন স্থানে টানানো ব্যানার-ফেস্টুন পুলিশ ছিড়ে ফেলেছে। রমনা, কেরানীগঞ্জ থানাসহ বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হয়েছে। ‘ হলমার্কের নেপথ্যে কারা’ সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, “হলমার্ক প্রতিষ্ঠানটি সোনালী ব্যাংক থেকে শত শত কোটি টাকা লুট করেছে। এর নেপথ্যে কারা আছেন, তাদের নাম দেশের মানুষ জানতে চায়। “কারণ সোনালী ব্যাংকের এই অর্থ আমানতকারীর অর্থ। এভাবে আমানতকারী অর্থ লুণ্ঠন কোনোভাবে মেনে নেওয়া যায় না,” বলেন তিনি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় সোনালী ব্যাংকের ৩ হাজার ৮০০ কোটি টাকা দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে এতে বলা হয়েছে। বিএনপি নেতা নজরুল এই ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সরকার আবারো বিদ্যুতের দাম বৃদ্ধি করতে যাচ্ছে। এর ফলে দ্রব্যমূল্যসহ নিত্যপণ্যের দাম আবার বাড়বে। জনগণের দুর্ভোগ বাড়বে।” বিদ্যুতের দাম আগামী ১ সেপ্টেম্বর থেকে আরেকদফা বাড়তে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে পাঁচ দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৩৫ ঘ.