২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনগণ মামলা দিলে কেউ বাঁচাতে পারবে না’

দেশের জনগণ বিএনপির আন্দোলনের হুমকিতে ভয় পায় না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সরকার প্রয়োজনে কঠোর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 08:23 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের জনগণ বিএনপির আন্দোলনের হুমকিতে ভয় পায় না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সরকার প্রয়োজনে কঠোর হবে। আইভী রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, “বিএনপির হুমকিতে বাংলার মানুষ ভয় পায় না। প্রয়োজনে তাদের কঠোর হস্তে দমন করে দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে।” বিএনপি গত কিছুদিন ধরে বলে আসছে, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবিতে ঈদের পর কঠোর কর্মসূচি দেবে তারা। আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করতে রোববার রাতেই দলের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ প্রসঙ্গ টেনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা মহানগর বঙ্গবন্ধু একাডেমীর আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জনগণ গর্জে উঠে যখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেবে- তখন কেউ তাদের রেহাই দিতে পারবে না।” বিএনপির ‘কাঁধে চেপে’ যুদ্ধাপরাধীরা আর যাতে জাতীয় পতাকা না ওড়াতে পারে- সেজন্য সবাইকে ঐক্যবন্ধ থাকারও আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। শিগগিরই ২১ অগাস্ট গ্রেনেড হামলার বিচার হবে- এমন আশা প্রকাশ করে সাহারা বলেন, “১৯৭৫ সালের ১৫ অগাস্ট এবং ২০০৪ সালের ২১ অগাস্ট হামলার দুই অপশক্তি এক ও অভিন্ন।” বঙ্গবন্ধু এভিনিউয়ে সেই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ অন্তত ২৪ জন নিহত হন। সভায় আইভী রহমানের রাজনৈতিক জীবন এবং বিভিন্ন কর্মকা- তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা মুজিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দীন মিয়া বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৪১৫ ঘ.