২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গীপাড়ায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, বাড়িঘরে আগুন

পোস্টার ছেঁড়া নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রোববার রাতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

গোপালগঞ্জ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোস্টার ছেঁড়া নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রোববার রাতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় স্থানীয় এক বিএনপি নেতার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আহতদের মধ্যে রয়েছেন যুবদলের মোক্তার মোল্লা (৩০), পান্না মোল্লা (৪০), মিরাজ মোল্লা (৩৫), যুবলীগের সোহেল ফকির (২২)। বাকিদের নাম জানা যায়নি। গুরুতর আহত পাঁচজনকে খুলনা ও গোপালগঞ্জে হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকরাম হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এসএম জিলানীর ঈদ শুভেচ্ছার পোস্টার স¤প্রতি এলাকার বিভিন্ন দেওয়ালে লাগানো হয়। রোববার সন্ধ্যায় কুশলী বাজারে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শুকুর আহম্মেদ একটি পোস্টার ছিঁড়ে ফেলেন। এ সময় তার সঙ্গে ছিলেন যুবলীগ নেতা খসরুল আলম মোল্লা। এরপর রাত ৮টার দিকে খসরুল আলম মোল্লা পাশের নিলফা বাজারে গেলে টুঙ্গিপাড়া উপজেলার যুবদলের আহবায়ক মোক্তার মোল্লা ও তার লোকজন মারধর করেন। এর জেরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর রাত সাড়ে ৯টার দিকে কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির ফকিরের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে তাদের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর ভস্মীভূত হয়। জাকির ফকিরের বোন রুনু বেগম (৩০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমার ভাইয়ের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। সব হারিয়ে পরিবার পরিজন নিয়ে তিনি খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছেন। টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাজহারুল হক বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা কয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০৮ ঘ.