ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মো. ইউনুসকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
মহানগর গোয়েন্দা পুলিশ শুক্রবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজত চাইলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম ৬ দিনের হেফাজত মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (তথ্য ও প্রসিকিউশন) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউনুসকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী বিভিন্ন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে হেফাজতের আবেদনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউনুসকে রাজধানীর ফকিরাপুল থেকে গ্রেপ্তার করার পর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইউনুস পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের স্থানীয় পর্যায়ের সংগঠক হিসেবে কক্সবাজারের রামু এলাকায় রোহিঙ্গা শরণার্থীদের সম্পৃক্ত করার চেষ্টা চালান।
ইউনুসের সাংগঠনিক তৎপরতা কক্সবাজারেই সীমাবদ্ধ না কি, অন্য কোথাও তাদের কাজ রয়েছে কি না- এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/জেকে/১৬৪৫ ঘ.
bdnews24