ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজার শেষ দিনগুলোর বিশেষ ইবাদত এবং ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে খালেদা জিয়া ঢাকা পৌঁছান।
গত ৭ অগাস্ট সৌদি আরবে যাওয়ার পর খালেদা জিয়া ১০ অগাস্ট মক্কায় ওমরাহ পালন করেন। এছাড়া তিনি মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেন এবং মসজিদুল হারাম ও মসজিদুন নববীতে নামাজ আদায় করেন।
ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাসহ পরিবারের সদস্যরা এই সফরে তার সঙ্গে ছিলেন।
দশ দিনের সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।
মারুফ কামাল খান বলেন, সৌদি রাজকীয় প্রটোকল কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতারা জেদ্দায় বিএনপি চেয়ারপার্সনকে বিদায় জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকশ নেতাকর্মী ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান।
অন্যদের মধ্যে মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাহান ওমর, ওসমান ফারুক, মাহমুদুল হাসান, ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক এম এ মান্নান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী, শিরিন সুলতানা, সাইফুল ইসলাম নিরব, হাবিব উন নবী খান সোহেল, মীর শরফত আলী সপু, আবুল কালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১১০১ ঘ.
bdnews24