২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুই নেত্রী বাদ দিয়ে রাজনীতি হবে না’

খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বাদ দিয়ে দেশে কোনো রাজনীতি সফল হবে না বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বাদ দিয়ে দেশে কোনো রাজনীতি সফল হবে না বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ভারত সফর ও তৃতীয় ধারার রাজনীতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার ফখরুল বলেন, “আমরা এ নিয়ে চিন্তা করছি না। আমরা মনে করি- এদেশে দুই নেত্রীকে বাদ দিয়ে কোনো রাজনীতি সফল হবে না। যারা এটি চিন্তা করছেন, তারা অলীক চিন্তা করছেন। লিভিং ইন ফুলস প্যারাডাইজ।” ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির প্রধান এরশাদ গত ১৩ অগাস্ট ভারত সফরে যান। সেখানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তার বৈঠকে বাংলাদেশের রাজনীতি এবং পরবর্তী নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি এরশাদকে যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব দিচ্ছে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার দুপুরে তাদের বনানীর বাসায় যান মির্জা ফখরুল। পরে তিনি বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ইলিয়াস আলীর সন্ধানে সরকার কোনো কাজ করছে না অভিযোগ করে বিএনপির মুখপাত্র বলেন, “সরকার ও তার আইনপ্রয়োগকারী সংস্থাগুলো কোনো কাজই করছে না। তারা নিষ্ক্রিয়। আমাদের ও জনগণে বিশ্বাস, সরকার এমন কোনো ধারণা দিতে পারেনি যে, ইলিয়াস আলী তাদের কাছে নেই।” গত ১৭ এপ্রিল রাতে মহাখালী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার। ইলিয়াস আলীকে সরকারের লোকজন তুলে নিয়ে গেছে দাবি করে ফখরুল বলেন, “ইলিয়াস তাদের কাছে আছে। আমরা সরকারের কাছে আবারো দাবি করছি, অবিলম্বে ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন।” ঈদ উপলক্ষে ইলিয়াসের মেয়ে সাইয়ারা নাউয়াল ও দুই ছেলে আবরাব সারার ও লাবিব সারারের জন্য উপহার নিয়ে তাদের বাসায় যান মির্জা ফখরুল। তিনি সাংবাদিকদের বলেন, “ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার চারমাস পূর্ণ হতে চলেছে। আজো তাকে সরকার খুঁজে বের করতে পারেনি। তার সন্ধানের দাবিতে সারাদেশে আন্দোলনের যে সূচনা হয়েছিল, তাতে মিথ্যা মামলায় ১৮ দলীয় জোট নেতাদেরও জেলে যেতে হয়েছে।” “জনগণ এখনো বিশ্বাস করে, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। ইলিয়াস আলীকে তার গাড়ি চালকসহ ফিরিয়ে দেবে। ইলিয়াসের ছোট মেয়েটি প্রতিদিন তার বাবার অপেক্ষায় বসে থাকে”, যোগ করেন ফখরুল। সরকারের সাড়ে তিন বছরের মেয়াদে তারা ১৩৫ জন রাজনৈতিক নেতা-কর্মীকে গুম করেছে বলেও ফখরুল অভিযোগ করেন। তিনি বলেন, বাংলাদেশে এভাবে গুম হওয়ার ঘটনা গণতন্ত্রের জন্য অশনি সঙ্কেত বলে বিএনপি মনে করে। ঈদের পর ‘এক দফা’ সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অভিযোগ করে ফখরুল বলেন, “সরকারের পতনের লক্ষে ঈদের পর আমরা একদফা আন্দোলন শুরু করব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৬৪০ ঘ.