২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমান সুযোগ পেলে ভোটে আপত্তি নেই: ফখরুল

সরকার সব দলের জন্য সমান সুযোগ দিতে চায় না- অভিযোগ তুলেই এই বক্তব্য বিএনপির মুখপাত্রের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সব দলের জন্য সমান সুযোগ দিতে চায় না অভিযোগ করে বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের কলাকৌশল মেনে নেওয়া হবে না। বুধবার বিকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের এক ইফতারপূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, “জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার আবার ক্ষমতায় আসতে নানা রকম কলাকৌশলের আশ্রয় নিয়েছে। নির্বাচনে সব দলের সমান সুযোগ তারা দিতে চায় না। তবে জনগণ তা মেনে নেবে না।” নয়া পল্টনের একটি হোটেলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে ফকিরাপুল, শান্তিনগর ও শনির আখড়ার এতিমখানা ও মাদ্রাসার এতিমরা অংশ নেয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তার বক্তব্যে আবারো নির্দলীয় সরকারের দাবি জানান। তিনি বলেন, “খেলার মাঠে ১১ জন খেলোয়াড়, রেফারি, লাইন্সম্যানসহ ১৪ নিয়ে সরকারি দল খেলতে চায়। এটা দেশের মানুষ মানে না। তবে দাবি মেনে নিয়ে নির্বাচন দিলে ভোটের ফলাফল যা হবে,তা-ই মেনে নেওয়া হবে।” ইফতারের আগে সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত এতিমদের মধ্যে উপহার হিসেবে ঈদের পোশাক বিতরণ করেন বিএনপি মুখপাত্র। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকা-ের সমালোচনা করে বলেন, “সরকার যেভাবে নিদের্শ দেয়, তারা সেভাবেই কাজ করে। রেলমন্ত্রীর ঘুষ কেলেঙ্কারীর ঘটনা দুদকের চেখে পড়ে না। আবুল হোসেন দুর্নীতি করেননি বলে দুদক সার্টিফিকেট দেয়।” সংগঠনের সভানেত্রী শ্যামা ওবায়েদের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, শিল্প বিষয়ক সহ- সম্পাদক শাহজাদা মিয়া, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, খালেদা ইয়াসমীন, ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক ও সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০১২ ঘ.