পাবনা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা শহরের ব্যস্ততম এলাকা রূপকথা রোডে জমি দখল নিয়ে জাতীয় পার্টি ও যুবলীগ সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধে বুধবার চার পুলিশ সদস্যসহ কমপক্ষে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
এছাড়া পথচারীসহ আরও ১০ জন আহত হন।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ ১২ জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাচ্চুসহ ১৩ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘স্বাগতম’ নামের চীনা রেস্তোরাঁ সংলগ্ন একটি ওয়ার্কশপের জমির মালিকানা নিয়ে রেস্তোরাঁ মালিক সাজ্জাদ হোসেন বাচ্চুর সঙ্গে ওয়ার্কশপ মালিক সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
সিরাজুল ইসলাম ওই জমি বাচ্চুর কাছে বিক্রি করলেও বাচ্চু জমির দখল পাচ্ছিলেন না। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা যুবলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ সিরাজুল ইসলামের পক্ষ নেওয়ায় বিরোধ চরমে ওঠে।
বাচ্চু প্রায় দেড় মাস আগে এই বিরোধ সামাজিকভাবে নিষ্পত্তির চেষ্টা চালান। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বাচ্চু তার কেনা জমির দখল নিতে চাইলে সিরাজুলের পক্ষ নিয়ে শরিফুলের লোকজন তাতে বাধা দেয় এবং বাচ্চুর রেস্তোরাঁ এবং এর তৃতীয় তলায় তার বাসায় ব্যাপক ভাঙচুর চালায়।
এক পর্যায়ে বাচ্চু তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি চালালে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় শুরু হয়।
এতে পুলিশের এস আই এলাহী নেওয়াজ (২৭), কনস্টেবল লুৎফর (৩২), কনস্টেবল শওকত (৩০) ও সাইফুল আলম বাবলু (৫৫) গুলিবিদ্ধ হয়ে মারাতœক আহত হন। বাবলু তখন ওই রাস্তা দিয়ে শহরে আসছিলেন।
এ ছাড়া গুলিবিদ্ধ অন্যরা হলেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ (৪০), লালন হোসেন (২০), আকরাম হোসেন (৪২), মামুন (২৬), হায়দার (২৫), সূর্য (৪৫), জ্যাকি (২৫), কালাম (২৭), বিসমিল্লাহ হোটেল কর্মচারী রফিক (১৮), আরিফ (৩২)।
আহতদের অধিকাংশই যুবলীগের নেতা-কর্মী বলে স্থানীয় যুবলীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ওই সময় রূপকথা রোডসহ পার্শ্ববর্তী সব সড়কে যান চলাচল ও বিপনী-বিতানগুলো বন্ধ হয়ে যায়। মানুষ দিগি¦দিক ছোটাছুটি করতে থাকে।
পরে বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। র্যাব ও পুলিশ লাঠিচার্জ করে।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ স্বাগতম বেস্তোরাঁর তালা ভেঙ্গে ভেতরে থাকা এর মালিক সাজ্জাদ হোসেন বাচ্চু ও কর্মচারীসহ ১৩ জনকে গ্রেপ্তার করে। বাচ্চুর লাইসেন্স করা দোনালা বন্দুকটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাজ্জাদ হোসেন বাচ্চু (৫৫), শহীদুল ইসলাম মনো (৫০), ইসহাক (২৫), শাখাওয়াত হোসেন জজ (২৭), আব্দুল আলী (২৭), রিপন (২৬), মুরাদ (২৭), আকতার (৩৬), ফারুক হোসেন (৩৬), জাহাঙ্গীর (৩০), আব্দুল আলিম (৩০), রুবেল (৩৬), ইমারত (২৮)।
পরে বেলা ১টার দিকে পাবনায় অবস্থানরত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর আহতদের দেখতে হাসপাতালে যান।
এ ঘটনায় পুলিশের এসআই এলাহী বাদী হয়ে পাবনা সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৩ জনকে আসামী করে একটি মামলা করেছেন।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমির মালিকানার দখল নিয়ে ঘটনার সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তবে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউ মামলা করতে আসলে তা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০০৩ ঘ.
bdnews24