চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শোক দিবস পালন করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র এম মনজুর আলম।
সিসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকালে সিসিসি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র মনজুর আলম।
সিটি করপোরেশন আয়োজিত এ অনুষ্ঠানে মেয়র বলেন, “আমাদের দায়িত্ব হবে দেশকে একটি সুখী, সমৃদ্ধ দেশে পরিণত করে জাতির পিতার সেই স্বপ্ন পূরণ করা।”
তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।
এছাড়া শোক দিবস উপলক্ষে সিসিসি’র উদ্যোগে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিসিসি’র প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন।
অনুষ্ঠানে সচিব মো. সামসুদ্দোহা ও কর্মচারীদের পক্ষে দোস্ত মোহাম্মদ বক্তব্য রাখেন।
একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত মনজুর আলম ২০১০ সালে মেয়র নির্বাচনে বিএনপি সমর্থিত নাগরিক আন্দোলনের প্রার্থী হিসেবে অংশ নিয় তারই সাবেক রাজনৈতিক ‘গুরু’ নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে লক্ষাধিক ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
সম্প্রতি তাকে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
এর আগে ২০১১ সালে মনজুর আলম জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এইচএ/২০৩২ ঘ.
bdnews24