জামালপুর, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের দেওয়াগঞ্জ উপজেলায় বুধবার এক ছাত্রলীগ নেতার ‘আস্তানা’ থেকে পিস্তলসহ কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
তবে অভিযানের সময় দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ শাহেন শাহকে আটক করা যায়নি বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১১ এর ক্যাপ্টেন হাসিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে সাড়ে ১০টার দিকে জিলবাংলা চিনিকলের খামারবাড়িতে শাহনেওয়াজ শাহেন শাহ’র আস্তানায় অভিযান চালানো হয়।
এখান থেকে একটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দু’টি রাম দা উদ্ধার করা হয়েছে।
চিনিকলের খামারবাড়ির একটি কক্ষ থেকে এই ছাত্রলীগ নেতা নানা সন্ত্রাসী কাজ পরিচালনা করেন বলে এই র্যাব কর্মকর্তা জানান।
দেওয়ানগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, অভিযানে শাহেন শাহকে ধরতে পারেনি র্যাব।
এ ঘটনায় ব্যাপারে র্যাব-১১ এর এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে শাহেন শাহ’র বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেছেন, বলেন ওসি মিজানুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫৩৯ ঘ.
bdnews24