ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার ১৮ দলীয় জোটের শরিক ডেমোক্রেটিক লীগের ইফতারপূর্ব এক আলোচনায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ক্ষমতাসীন দল বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। তারা আবার ক্ষমতায় আসার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি মানতে তাদের বাধ্য করা হবে।”
বিকালে এলিফ্যান্ট রোডের একটি হোটেলে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
ইফতারে ডেমোক্রেটিক লীগের সহসভাপতি অ্যাডভোকেট মাহবুবুল হক, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, মহাসচিব আলমগীর মজুমদার, ন্যাপ এর জেবেল রহমান গনি, মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আনোয়ারুল হক, ইসলামিক পার্টির সভাপতি অ্যাডভোকেট আবদুল মবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৯৪২ ঘ.
bdnews24