ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার আগে বাসাবাড়ি ও দোকানপাটে ‘নিজ দায়িত্বে’ তালা দিতে এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি বলেছেন, “ঈদের দীর্ঘ ছুটিতে অনেক মানুষ ঢাকা ছেড়ে যাবে। এ সময় নিরাপত্তার সমস্যা থাকে। এ জন্য সরকারিভাবে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।”
“একইসঙ্গে যারা বাসাবাড়ি বা দোকানপাট বন্ধ রেখে ঢাকার বাইরে যাবেন, তাদেরও ঠিকমতো তালা বন্ধ করে যেতে হবে। এ সময় তাদেরও নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা থাকা দরকার”, বলেন মন্ত্রী।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও আইন-শৃখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ঈদের সময়ের নিরাপত্তা ব্যবস্থা’ নিয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এ কথা বলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন সাহারা খাতুন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব সিকিউকে মুশতাক আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, এফবিসিসিআইর পরিচালক হেলালউদ্দিনসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
সরকার ঘোষিত ছুটির তালিকায় ২০ অগাস্ট ঈদুল ফিতরের ছুটি রাখা হলেও এটি চূড়ান্ত হবে চাঁদ দেখার ভিত্তিতে। এই হিসাবে ১৮ বা ১৯ অগাস্ট ঈদের ছুটি শুরু হলেও জন্মাষ্টমী, শবে কদর, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস মিলিয়ে বৃহস্পতিবার থেকেই রাজধানীতে ছুটির আবহ শুরু হয়ে যাবে।
সরকারি ছুটির হিসাবে দেখা যাচ্ছে, ১২ থেকে ১৪ অগাস্ট ছুটি নিতে পারলে টানা ১২ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারের কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে একটি বড় সময় অনেকটাই ফাঁকা থাকবে ঢাকা মহানগরী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের সময় ঢাকা মহানগরীর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী এ সময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। তবে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা সংশ্লিষ্টদের আরো নিরাপদ রাখবে।
রাস্তাঘাটের দুরবস্থার কথা স্বীকার করে তিনি বলেন, “রাস্তাঘাট ঠিক রাখা ছাড়া মোটামুটি সব ক্ষেত্রেই সফল হয়েছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও অন্য সময়ের তুলনায় অনেক ভালো। অন্য সময় ঈদের আগে ছিনতাই-রাহাজানির মতো ঘটনা বেড়ে যায়, কিন্তু এবার তা বাড়েনি। এখন পর্যন্ত ছিনতাই রাহাজানির খবর পাওয়া যায়নি।“
বেহাল রাস্তা প্রসঙ্গে সাহারা জানান, সায়েদাবাদ থেকে ফুলবাড়িয়া পর্যন্ত রাস্তাটি অত্যন্ত খারাপ অবস্থায় আছে। এ রাস্তার জন্য প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এটি মেরামতের জন্য সিটি করপোরেশনকে কয়েকবার বলা হয়েছে। আজও তাদের এটি মেরামত করতে বলা হয়েছে। তারাও দ্রুত এটিকে চলাচলের উপযুক্ত করার আশ্বাস দিয়েছেন।
অপরাধ দমনে সরকারি পদক্ষেপ তুলে ধরতে গিয়ে তিনি বলেন, অপরাধী ও দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে সায়েদাবাদ, কমলাপুর, গাবতলী ও মহাখালীসহ নগরীর বিভিন্ন স্থানে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। দুষ্কৃতকারীরা যেন রেহাই না পায় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, প্রতিদিন দুই হাজার র্যাব সদস্যের টহল থাকবে নগরীতে। এর পাশপাশি পুলিশি টহল অব্যাহত থাকবে।
ঈদে ঘরমুখো মানুষ যেনো কষ্ট না পায়, দ্রব্যমূল্য পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং নগরীতে চুরি, ছিনতাই না হয় সে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদে বিদ্যুৎ, জ্বালানি ও পানি সরবরাহ স্বাভাবিক রাখারও নির্দেশ দেওয়া হয়।
নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে সাহারা বলেন, বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের ১৪টি তদারকি দল কাজ করছে। দু’টি করে দল প্রতিদিন তদারকি করছে। প্রয়োজনে এসব দলের সংখ্যা আরো বাড়ানো হবে।
বৈঠকে অংশ নেওয়া এফবিসিসিআই’র পরিচালক হেলালউদ্দিন জানান, ঈদের সময় দোকানপাট ও বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা ব্যবস্থা দ্বিগুণ করার তাগিদ দেওয়া হয়েছে সরকারকে। তবে শুধু সরকারি নিরাপত্তাই যথেষ্ট হবে না। কারণ, ঢাকার অনেক এলাকায় সন্ত্রাসী ও অপরাধীরা থাকে। তাই প্রত্যেককেই নিজ উদ্যোগে নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এইচএ/১৭১৫ ঘ.
bdnews24