ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও শরিক নেতাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা যে আদালতে বিচারাধীন সেই আদালত গঠনের এখতিয়ার চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি সোমবার হবে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রোববার শুনানির এ দিন নির্ধারণ করে।
রিটকারী মাহবুব উদ্দিন খোকনের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন সকালে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন।
দুপুরে শুনানিতে রিটকারীর পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, সিএমএম আদালতের এখতিয়ার নিয়ে এই আবেদন করা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার এ সময় বলেন, “এই মামলায় অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন। তিনি আমাকে এক সপ্তাহ মুলতবি চাইতে নির্দেশনা দিয়েছেন। আমাদের এক সপ্তাহ সময় প্রয়োজন।”
মুলতবির সময় নিয়ে দুই পক্ষের আইনজীবীরা নিজেদের যুক্তি তুলে ধরেন। তাদের বক্তব্য শুনে আদালত সোমবার বেলা ১১টায় শুনানির সময় নির্ধারণ করে।
বিএনপি ও শরিক নেতাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলায় স্থগিতাদেশ চেয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গত ২৯ জুলাই হাই কোর্টে এই রিট আবেদন করেন।
রিটে গাড়ির পোড়ানোর মামলা স্থগিতের আবেদনের পাশাপাশি ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারকের এখতিয়ারও চ্যালেঞ্জ করা হয়।
হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপি ও শরিক নেতাদের বিরুদ্ধে গত ২৯ এপ্রিল তেজাগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়। ঢাকার দ্রুত বিচার আদালত গত মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৬৪৫ ঘ.
bdnews24