২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বদলীয় সরকারে আসুন: বিএনপিকে সুরঞ্জিত

সংসদ নির্বাচনের আগে সর্বদলীয় অন্তর্র্বতীকালীন সরকারে বিএনপিকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 08:03 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের আগে সর্বদলীয় অন্তর্র্বতীকালীন সরকারে বিএনপিকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের সময় যে তিন মাস সংসদ কার্যকর থাকবে না, ওই সময় সর্বদলীয় অন্তর্র্বতীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন হলে তা বিশ্বে গ্রহণযোগ্য হবে। “তাই বিএনপিকে এই সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।” তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের বিষয়ে বিএনপির দাবি প্রত্যাখ্যান করে আসা প্রধানমন্ত্রী সম্প্রতি লন্ডনে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন অনুষ্ঠানের জন্য বিরোধী দলের সমন্বয়ে সরকার গঠনের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সোমবার বলেন, “অন্তবর্তিকালীন নয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। নইলে কোন নির্বাচনই হতে দেয়া হবে না।” সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকেই তা পুনর্বহালের জন্য আন্দোলন করে আসছে বিএনপি। এ প্রসঙ্গ টেনে সুরঞ্জিত বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আদালতে নিষ্পত্তি হয়ে যাওয়ায় এ নিয়ে কথা বলার আর কোনো সুযোগ নেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘যুদ্ধাপরাধীদের বিচার ও শোকাবহ অগাস্ট’ শীর্ষক এই আলোচনায় সভায় সুরঞ্জিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার জাতীয় নেতাকে হত্যার বিচার শুরুরও দাবি জানান। তিনি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের বিচার হয়েছে। এখন সময় এসেছে চার নেতার হত্যাকারীদের বিচার করার।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/আরএ/১৪০০ ঘ.