ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে কোনো অনিয়ম হয়নি বলে আবারো দাবি করেছেন পদত্যাগী মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ২৯ জুন এ প্রকল্পে অর্থায়ন বাতিলের ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক।
২৩ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেন সৈয়দ আবুল হোসেন। এর আগে বিশ্ব ব্যাংকের অভিযোগের পর গত ডিসেম্বরে আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
পদত্যাগের পর থেকে তাকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন তিনি।
পদ্মা সেতু প্রকল্পে কোনো অনিয়ম হয়নি দাবি করে আবুল হোসেন বলেন, “পদ্মা সেতু নির্মাণে বিশেষ করে এসএনসি-লাভালিনকে সেতু তদারকির পরামর্শক নিয়োগের কোনো পর্যায়ে আমি বা আমার আগের ব্যবসায়িক প্রতিষ্ঠান কোনোক্রমেই জড়িত নয়।”
এ বিষয়টি নিয়ে বর্তমানে কানাডার আদালতে বিচার চলছে এবং ওই বিচার প্রক্রিয়ার কোথাও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানান আবুল হোসেন।
“সত্যিকার ভাবে আমি কোন অস্বচ্ছ প্রক্রিয়ার সাথে জড়িত নই,” বলেন তিনি।
পদ্মা সেতু নির্মাণে যে সব কাজ হয়েছে তা সরকারি নিয়ম ও বিশ্ব ব্যাংকের নির্দেশনা মেনেই হয়েছে বলে দাবি করেন সাবেক যোগাযোগামন্ত্রী।
পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়ন্ত্র হয়েছে বলেও দাবি তার।
তিনি বলেন, “যারা বিশ্বব্যাংকের কাছে নামে-বেনামে অভিযোগ করেছে তারা ষড়যন্ত্রকারী।”
পদ্মা সেতুর জন্য ভুমি অধিগ্রহণ ও পুর্নবাসনে দেড় হাজার কোটি টাকা ব্যয়ে স্বচ্ছতা ও দ্রুততার জন্য দাতারা প্রশংসা করেছেন জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, “যে অর্থ এখনো বিশ্ব ব্যাংক ছাড় করেনি, বিশ্ব ব্যাংকের অর্থ ব্যয় হয়নি তাতে দুর্নীতির অপবাদ অবান্তর।”
“আসলে পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশকে অপবাদ দেওয়া একটি দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের সুকৌশল জাল।”
ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কতিপয় ব্যক্তির কারসাজি, নামে-বেনামে অভিযোগ এবং দেশের কয়েকটি পত্রিকার ভিত্তিহীন সংবাদ পরিবেশনের মাধ্যমে পদ্মা সেতু নির্মাণে এ অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়টিকে রাজনৈতিক ইস্যু না বানানোর জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। তাই সরকার ও বিরোধীদল নির্বিশেষে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।”
গত বছর সেপ্টেম্বরে এ প্রকল্পে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করায় পদ্মা সেতু নির্মাণে বিলম্ব হওয়ায় তৎকালীন যোগাযোগমন্ত্রী হিসেবে তিনি পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর প্রস্তাব দেন বলে জানান আবুল হোসেন।
তিনি বলেন, “মাওয়া পয়েন্টে পদ্মা সেতু নির্মাণ যখন ষড়যন্ত্রের ফলে বিলম্বিত হচ্ছিল তখন আমি পাটুরিয়া পয়েন্টে ‘ডিজাইন-বিল্ট-বিডার ফাইনান্সিং’ পদ্ধতিতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রস্তাব দিই। প্রধানমন্ত্রীও তার সার-সংক্ষেপ অনুমোদন করেন। কিন্তু অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে সেটি বিবেচনা করা হয়নি।”
“সে সময় দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু হলে কোনো ক্রমেই আজকের এ পরিস্থিতির সৃষ্টি হতো না। দেশের মানুষ বুঝতো, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সত্ত্বেও বিকল্পভাবে সরকার পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করেছে। আর দ্বিতীয় পদ্মা সেতুর কাজ এখন অনেক দূর এগিয়ে যেতো।”
শাহজালাল সার কারখানা ‘গর্ভনমেন্ট টু গর্ভনমেন্ট’ পর্যায়ে অন্য দেশের সঙ্গে যেভাবে করা হয়েছে সেভাবে অল্পসময়ে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ কাজ এখনো শুরু করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/জিএনএ/২০৫৭ ঘ.
bdnews24