ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১ অগাস্ট গণভবনে রাজনীতিবিদদের সম্মানে ইফতার পার্টিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত আমন্ত্রণপত্র নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা সায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই আমন্ত্রণপত্র দলের ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
গত ১৮ জুলাই বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ইফতার পার্টিতে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের সভাপতিম-লীর সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিলো। কিন্তু সংসদের এলডি ভবন প্রাঙ্গণে খালেদার ওই ইফতার পার্টিতে আওয়ামী লীগের কেউই যাননি।
এছাড়া ৬ অগাস্ট সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী আয়োজিত ইফতার পার্টিতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সংক্রান্ত আমন্ত্রণপত্র শনিবার বিরোধী দলীয় নেতার একান্ত সচিবের কাছে পৌঁছানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫৪ ঘ.
bdnews24