২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্র-পরিবহন শ্রমিক সংঘর্ষে আহত ১৫

সলেটে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে স্থানীয় এক কলেজের শিক্ষক, ছাত্রসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

সিলেট, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে স্থানীয় এক কলেজের শিক্ষক, ছাত্রসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে শহরতলীর টুকেরবাজার শাহ খুররম ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। জালালাবাদ থানার ওসি গৌছুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে শাহ খুররম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছায়েদ আহমদ টুকেরবাজার তেমুখী থেকে সিএনজি অটোরিকশায় করে কলেজে যান। ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কলেজের ছাত্ররা চালক রুহুল আমিনকে মারধর এবং অটোরিকশা ভাঙচুর করে। পরে পরিবহন শ্রমিকরা সকাল ১১টার দিকে একত্রিত হয়ে কলেজে হামলা চালালে ছাত্রদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষে কলেজের শিক্ষক, ছাত্র, পরিবহন শ্রমিক, পুলিশসহ ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ৭-৮টি গাড়িও ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে আফজাল আহমদ, আমিনুল ইসলাম, কমর উদ্দিন ও আমিনুল হক ওই কলেজের প্রভাষক এবং নাজির, মামুন, সাজু, বদরুল, লায়েক, লাহিন কলেজের ছাত্র। আহত পরিবহন শ্রমিকরা হলেন- রুহুল আমিন, আবদুল মছব্বির ও ইছহাক। এছাড়া আহত হন জালালাবাদ থানার পুলিশ কনস্টেবল কবির আহমদ ও তৌহিদ আহমদ। আহতদের মধ্যে আটজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ১৫ রাউন্ড কাঁদানে গ্যাস ও ১৫ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৮০৬ ঘ.