২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অসার’

“নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে লন্ডনে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই”- বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 08:05 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে লন্ডনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ‘অসার’ মন্তব্য করে বিরোধী দল বিএনপির মুখপাত্র বলেছেন, নির্বাচনের দাবি না মানলে ঈদের পরই তারা কঠোর আন্দোলনে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার শেরেবাংলা নগরে সাংবাদিকদের বলেন, “নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে লন্ডনে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।” অলিম্পিক উপলক্ষে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার লন্ডনের হোটেল সেন্ট প্যানক্রসে লেবার পার্টির নেতা এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে এক বৈঠকে বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য সরকার কাজ করছে। তার সরকারের সময়ে সব নির্বাচন গণতান্ত্রিক ধারায় হয়েছে। তার ওই বক্তব্য প্রত্যাখ্যান করে ফখরুল বলেন, “আমরা সরকারকে বলে দিতে চাই, এখনো সময় আছে, দয়া করে নির্দলীয় সরকারের বিধান সংবিধানে সংযোজন করুন। তা না হলে ঈদের পর আন্দোলনে নতুন মাত্রা শুরু হবে। প্রতিদিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।” এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত সাড়ে তিন বছরে নানা কর্মকাণ্ড থেকে প্রমাণ হয়েছে যে বর্তমান সরকারের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। “আমরা আগে থেকেই বলে আসছি, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাতে বিরোধী দল অংশ নেবে না। ওই ধরনের নির্বাচন দেশের জনগণ হতেও দেবে না”, যোগ করেন ফখরুল। ‘শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের’ মাধ্যমে বিএনপি এতোদিন নিরপেক্ষ নির্বাচনের যে দাবি জানিয়ে আসছে তা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা কোনো সমঝোতায় আসতে চায় না। তারাই দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাচ্ছে।’ পদ্মাসেতু প্রকল্পে সরকার ‘ইউ টার্ন’ করেছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “বিশেষ একটি প্রাণী যেভাবে ঘোলা করে পানি খায়, সরকারের অবস্থাও তাই হয়েছে। সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন শেষপর্যন্ত পদত্যাগ করেছেন। এই ইস্তফা ৯ মাস আগে করলে বিশ্ব ব্যাংকের ঋণচুক্তি বাতিল হতো না।” সৈয়দ আবুল হোসেনকে প্রধানমন্ত্রী দেশপ্রেমিক বলে প্রশংসা করায় এর সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন, “এ থেকে বোঝা যায় তিনি দুর্নীতিবাজকে প্রশ্রয় দিচ্ছেন। একজন র্দুর্নীতিবাজকে কেন প্রধানমন্ত্রী দেশপ্রেমিক বলছেন, তা রহস্যজনক। দেশের মানুষ এই রহস্যের কথা জানতে চায়।” সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে যুবদলের কারামুক্ত সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, যুবদল ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর ও দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুকে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল। অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৪০৪ ঘ.