২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশপ্রেমের সংজ্ঞা তাহলে বদলাতে হবে’

সৈয়দ আবুল হোসেনকে প্রধানমন্ত্রী ‘দেশপ্রেমিক’ বললেও তার ভাবমূর্তি আর উজ্জ্বল করা সম্ভব হবে না বলেই মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 11:02 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৈয়দ আবুল হোসেনকে প্রধানমন্ত্রী ‘দেশপ্রেমিক’ বললেও এতে করে তার ভাবমূর্তি আর উজ্জ্বল করা সম্ভব হবে না বলেই মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার দুপুরে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় মোশাররফ বলেন, “সৈয়দ আবুল হোসেন দেশপ্রেমিক নন, বেহায়া। তার ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য প্রধানমন্ত্রীর এই ধরনের অপচেষ্টা কখনো সফল হবে না।” “আমরা বলতে চাই, সৈয়দ আবুল হোসেন দেশপ্রেমিক হলে দেশপ্রেমের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করতে হবে’’, যোগ করেন খন্দকার মোশাররফ। পদ্মা সেতুতে অনিয়মের অভিযোগ নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে ১০ মাসের টানাপোড়েনের পর গত সোমবার মন্ত্রিত্ব ছাড়েন সৈয়দ আবুল হোসেন। বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “তার (সৈয়দ আবুল হোসেন) গাটস্ আছে বলেই রিজাইন দিতে পেরেছে। দেশপ্রেম আছে বলেই রিজাইন দিয়েছে।” প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে জাতীয় প্রেস ক্লাবে ‘শিক্ষাঙ্গনে সংকট’ শীর্ষক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, “দুর্নীতির দায় নিয়ে আবুল হোসেন মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন। অথচ লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রী তার পক্ষে সাফাই গাইছেন। বলছেন, তিনি দেশপ্রেমিক ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।” পদ্মাসেতুর ঋণচুক্তি নিয়ে সরকারের নীতিরও সমালোচনা করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, “একদিকে বিশ্ব ব্যাংকের ঋণচুক্তি পুনর্মূল্যায়নের জন্য সরকার কাজ করছে। অন্যদিক তারা বিশ্বব্যাংককে দুর্নীতিবাজ প্রতিষ্ঠান বলছে। শুরু করেছে, নিজস্ব অর্থায়নের চাঁদাবাজী।” বিশ্ব ব্যাংক দুর্নীতিগ্রস্ত হয়ে থাকলে সরকার কেন চুক্তি পুনর্মূল্যায়নের জন্য ‘ধর্না’ দিচ্ছে- সে প্রশ্নও রাখেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ। তিনি বলেন, “আমরা মনে করি, প্রধানমন্ত্রীর একগুয়েমির কারণেই পদ্মাসেতুর ঋণচুক্তি বাতিল হয়েছে। সৈয়দ আবুল হোসনকে আরও আগে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হলে চুক্তি বাতিল হতো না। ’’ শিক্ষাঙ্গনে সঙ্কট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে স¤প্রতি যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তার জন্যও সরকারকে দায়ী করেছেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, “সরকারের দলীয়করণ, আত্মীয়করণ ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণে সারাদেশে শিক্ষাঙ্গনে সঙ্কট সৃষ্টি হয়েছে।” “সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশেষ এলাকা কিংবা বিশেষ দলের ব্যক্তিকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। একজন ব্যক্তিকে উপাচার্য পদে রাখতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টি হয়েছে,” বলেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। বর্তমান সরকার ক্ষমতা থেকে না গেলে শিক্ষাঙ্গনের এই ‘অচলাবস্থা’র নিরসন হবে না মন্তব্য করে তিনি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের আহ্বান জানান। বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ন হ ইউসুফ হায়দার, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সদরুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক ওবায়েদুল ইসলাম, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির উল্লাহ খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বক্তব্য রাখেন। সরকারে কালো বিড়াল জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্য এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, “সরকারের ভিতরে কেবল সুরঞ্জিত সেন গুপ্ত ও সৈয়দ আবুল হোসেনই দুর্নীতির কালো বিড়াল হিসেবে চিহ্নিত হননি। সরকারে আরো কালো বিড়াল আছে। খবরের কাগজে খাদ্যমন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ এসেছে।” স্বদেশ মঞ্চের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে ওই আলোচনা সভায় অন্যদের মধ্যে শামসুজ্জামান দুদু, আ ন হ এহছানুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমীন প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জেকে/১৮১৫ ঘ.