২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমসিতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের সঙ্গে বৈঠকের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের সঙ্গে বৈঠকের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ বৈঠক সাংবাদিক ও চিকিৎসক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্র্যাব এর সভাপতি আকতারুজ্জামান লাবলু এ তথ্য জানিয়ে বলেন, "মাহবুব-উল-আলম হানিফ বৈঠকে বলেছেন যেসব শিক্ষানবিশ চিকিৎসক হামলা চালিয়েছেন প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্যামেরার ক্ষতিপূরণ দেওয়া হবে। চিকিৎসার ব্যবস্থা করবে হাসপাতাল কর্তৃপক্ষ।” এছাড়াও উভয়পক্ষের দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বুধবার সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার পর মধ্যস্থতার জন্য নিজ অফিসে এ বৈঠক করেন মাহবুব-উল-আলম হানিফ। পরে বৈঠক শেষে সভার সিদ্ধান্ত ঘোষণা করেন আওয়ামী লীগ নেতা। বিএইউজে সভাপিত (একাংশ) ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমিন গাজী, আবদুল জলিল, ওমর ফারুক, শাবান মাহমুদ, আকতারুজ্জামান লাবলু ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বি. জে. মোস্তাফিজুর রহমান, উপপরিচালক মুশফিকুর রহিম, প্রফেসর দীন মোহাম্মদ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে সাংবাদিক ও চিকিৎসকদের সমন্বয়ে একটি ৫-সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়। আগামী ৫ দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একজন, সাংবাদিক দুইজন, বিএমএ থেকে একজন, ঢাকা মেডিকেল থেকে একজন প্রতিনিধি রয়েছেন ওই কমিটিতে। এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবে হামলার প্রতিবাদে ৫ দফা দাবি দেয় সাংবাদিক নেতারা। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এ ঘোষণা দেন। বুধবার ঢামেকে শিক্ষানবিশ চিকিৎসদের হামলা কমপক্ষে ২০ জন গণমাধ্যমকর্মী আহত হন। এদের মধ্য আলোকচিত্রি সাজ্জাদ নয়নের ক্যামেরা এবং জিটিভির ক্যামেরা কেড়ে নিয়ে যায় হামলাকারীরা।িএ এর তিন দিন আগে ২২ জুলাইও ঢাকা মেডিকেলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালায় শিক্ষানবিশ চিকিৎসকরা। ওইদিন কয়েকটি টেলিভশন চ্যানেলের ক্যামেরাও ভেঙে ফেলা হয়। হামলায় আহতদের মধ্যে রয়েছেন ফোকাস বাংলার আলোকচিত্র সাংবাদিক বাদশা, সমকালের আলোকচিত্র সাংবাদিক নয়ন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক নাসিরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক আলমগীর হোসেন, জাস্ট নিউজ ২৪ এর নিজস্ব প্রতিবেদক সুমন, ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক আসলাম রহমান, দৈনিক করতোয়ার রুদ্র রাসেল, দেশ টিভির নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান, চিত্রধারক মোহাম্মদ সুমন এবং বাংলাভিশনের চিত্রধারক সেলিম। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় আহত সাংবাদিকরা দুটি মামলা ও তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অন্যদিকে চিকিৎসকদের পক্ষ থেকে সাংবাদিকদের বিপক্ষে মামলা করা হয়েছে শাহবাগ থানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এএল/২২২৫ ঘ.