ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত লেখক হুমায়ূন আহমেদের স্মৃতি সংরক্ষণে নুহাশ পল্লীতে ‘জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক কেন্দ্র’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তার বিশ্ববিদ্যালয় জীবনের সহকর্মী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার স্বাধীনতা ফোরামের উদ্যোগে হুমায়ূন আহমেদ স্মরণে এক সভায় তিনি বলেন, “হুমায়ুন আহমেদ কোনো রাজনৈতিক মতাদর্শের লেখক ছিলেন না। তিনি দেশের মানুষের লেখক ছিলেন। এ জন্য তার স্মৃতিকে জাগ্রত করে রাখতে নুহাশ পল্লীতে একটি জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব আমরা করছি।”
এ রকম একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগী হওয়ারও আহ্বান জানান তিনি।
গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ। মঙ্গলবার গাজীপুরে নিজ হাতে গড়া নুহাশ পল্লীতেই তাকে সমাহিত করা হয়।
হুমায়নের শিক্ষক জীবনের অন্যতম সহকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়েল ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক খন্দকার মোশাররফ হোসেন বলেন, “স্বাধীনতার পর হুমায়ূনের মতো সাহিত্যিক ছাড়া অন্য কেউ বাংলা সাহিত্যের বিভিন্ন মাধ্যমে এতো বেশি অবদান রাখতে পারেননি। কারো সঙ্গে আমি তার তুলনা করতে চাই না। তবে আমি মনে করি, স্বাধীনতার পর তিনি সাহিত্য-শিল্প জগতে একটি বিশাল অবদান রেখে গেছেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল প্রতিষ্ঠার পর রসায়ন বিভাগের ছাত্র হুমায়ূনের সঙ্গে স্মৃতির কথা তুলে ধরে মোশাররফ বলেন, “আমরা একই হলের আবাসিক ছাত্র ছিলাম। সে রসায়নে আর আমি ভূতত্ত্ব বিভাগে পড়তাম। দুজনই বিজ্ঞানের ছাত্র বলে সখ্যতা ছিলো বেশি। হুমায়ূনকে সব সময় দেখেছি কম কথা বলতে। সারাক্ষণ লেখাপড়া করতো।”
বিমানে একটি বই লেখা
ফুলার রোডে একই এলাকায় দুজনের বাসা ছিল জানিয়ে মোশাররফ বলেন, “একটি সেমিনারে যোগ দিতে লন্ডনে যাচ্ছি একই বিমানে আমি আর হুমায়ূন। পাশাপাশি আসন। বিমানে বসে হুমায়ূন লেখালেখি করছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি করছেন। তিনি জবাবে বললেন, কিছু একটু লেখালেখির চেষ্টা করছি।”
“লম্বা পথ। বিমানে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে যখন হিথরো বিমান বন্দরে নামব, তখন দেখি হুমায়ূন একটি মোটামুটি বই লিখে ফেলেছে।”
সাবেক বিএনপি সরকার হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ‘আগুনের পরশমনি’ নির্মাণে অনুদান দিয়েছিল উল্লেখ করে মোশাররফ বলেন, “ছবিটি দেখে আমি অভিভূত হয়েছিলাম।”
হুমায়ূনকে নিয়ে রাজনীতি
হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাকে নিয়ে রাজনীতি হয়েছে মন্তব্য করে মোশাররফ বলেন, “হুমায়ূন কোনো রাজনৈতিক দলের লেখক ছিলেন না। কিন্তু মৃত্যুর পর দেখলাম তাকে নিয়ে রাজনীতি করা হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি পরিচালনা করে দলীয়করণের চেষ্টা করেছে।”
কেন্দ্রীয় শহীদ মিনারে লেখকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতার প্রতিনিধিরা তার কফিনে পুস্পমাল্য অর্পণ করলেও এ বিষয়টি ঘোষণা করা হয়নি অভিযোগ করে মোশাররফ বলেন, “এটা দুঃখজনক। আমরা ব্যথিত হয়েছি।”
জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, কবি আল মুজাহিদী, আবদুল হাই শিকদার, সঙ্গীত শিল্পী মনির খান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৬১০ ঘ.
bdnews24