ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে কারাবন্দি জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলীকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রোববার কাশেম আলীকে কারাগারে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে নির্দেশ দেয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুন কাশেম আলীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে। কাশেমের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তারের আবেদন করে প্রসিকিউশন।
ডিভিশনের আদেশে ট্রাইব্যুনাল বলেছে, একজন সম্মানিত ব্যবসায়ী এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ ও সেগুলোর সঙ্গে কাশেম আলীর সম্পৃক্ততা বিবেচনায় নেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, দেশের বেসরকারি স্বাস্থ্য সেবা খাতের অন্যতম ইবনে সিনা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি কাশেম আলী। এছাড়া এ ট্রাস্টের অধীনে সমাজসেবামূলক আরো কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালিত হয়।
এছাড়া দিগন্ত টেলিভিশন ও নয়া দিগন্ত পত্রিকা পরিচালনাকারী দিগন্ত গ্র“পের প্রধান মীর কাশেম কেয়ারি গ্র“প অব ইন্ডাস্ট্রিজেরও প্রধান।
কাশেম আলী উচ্চ শিক্ষিত এবং জামায়াতে ইসলামীর একটি কমিটির নেতৃত্ব দেন। তাই কারাগারে ডিভিশন পাওয়ার সব যোগ্যতা তার রয়েছে।
১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী সংগঠন আল বদর বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান হিসেবে চট্টগ্রামে নিরস্ত্র বাঙালিকে হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে মীর কাশেম আলীর বিরুদ্ধে।
একাত্তর সালে আল বদর বাহিনীর তৃতীয় শীর্ষ নেতা ছিলেন কাশেম আলী। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের এই নেতা যুদ্ধের সময় চট্টগ্রাম শহরে মহামায়া নামে একটি বাড়ি দখল করে তার নাম দেন ডালিম হোটেল। এই হোটেলেই মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য ও হিন্দু স¤প্রদায়ের সদস্যসহ নিরস্ত্র বহু বাঙালিকে হত্যা ও নির্যাতনের সঙ্গে মীর কাশেম জড়িত ছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ থেকে পালিয়ে যান মীর কাশেম আলী। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সেনা কর্মকর্তা জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এলে দেশে ফেরেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এএল/২১২৪ ঘ.
bdnews24