২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্টে আ.লীগের মাসব্যাপী নানা কর্মসূচি

অগাস্টে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগাস্টে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির দলীয় কার্যালয়ে সহযোগী সংগঠগুলোর সঙ্গে যৌথ সভা শেষে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এ তথ্য জানান। তিনি বলেন, ১৫ অগাস্ট ভোরে বঙ্গবন্ধু ভবন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। ওইদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১৫ অগাস্ট বনানী কবরস্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং গির্জা, মন্দির ও প্যাগোডায় প্রার্থনার আয়োজন করা হবে। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট ভোররাতে সেনাবাহিনীর একদল উচ্চাভিলাষী কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও জাতীয় শোক দিবসে (১৫ অগাস্ট) সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানান হানিফ। তিনি আরো বলেন, ৫ অগাস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আবহানী ক্লাবে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বনানী গোরস্থানে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া ১৭ অগাস্ট সারাদেশে একযোগে গ্রেনেড হামলা এবং ২১ অগাস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার দিন কালো দিবস হিসাবে পালন করবে আওয়ামী লীগ। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেনসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতরা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৯৫৪ ঘ.