২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গুলিতে বিএনপি নেতা নিহত

নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার অভয়নগরে আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 05:21 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

যশোর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে গুলি ও বোমা মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার নর্থবেঙ্গল এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান অভয়নগর থানার ওসি আবু সালেক। এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার অভয়নগরে আধাবেলা হরতাল ডাকা হয়েছে বলে জানান থানা বিএনপি’র সভাপতি মতিয়ার রহমান ফরাজী। লুৎফর (৪৫) নর্থবেঙ্গল এলাকারই আদম আলীর ছেলে। ওসি আবু সালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লুৎফর রাতে তার বাড়ির সামনে একটি মুদি দোকানে বসে ছিলেন। এ সময় দুটি মোটর সাইকেলে সন্ত্রাসীরা এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও বোমা নিক্ষেপ করে।” অভয়নগর স্বাস্থ্যকমপ্লেক্ষে নেওয়ার পথেই লুৎফর মারা যান। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি। রাতে এ হত্যাকাণ্ডের পর পরই দলীয় নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষুব্ধরা কয়েকটি দোকানপাট ভাংচুর করে বলে জানায় এলাকাবাসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২৩১৮ ঘ.